শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালি দিয়ে দুই মাসে গেল ১০০ কোটি ব্যারেলের বেশি তেল

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গত দুই মাসে যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ প্রণালি দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহন করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় কুপার বলেন, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথগুলো মাইনমুক্ত করা হয়েছে। এ সময়ে দুই হাজারের বেশি জাহাজ প্রণালিটি দিয়ে চলাচল করেছে।

তিনি আরও দাবি করেন, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহনের পরিমাণ গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরান কোনো তেল রপ্তানি করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

এর আগে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানান, প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১ কোটি থেকে ১ কোটি ১০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। তবে জাহাজ চলাচলের তথ্যের সঙ্গে এ দাবির কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র তিনটি জাহাজ চলাচল করেছে। এর আগের দিন চলাচল করেছে ১২টি। গত ১০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১৭টি জাহাজ এই জলপথ ব্যবহার করেছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর ইরানের বিধিনিষেধের কারণে প্রণালিটি বেশির ভাগ সময় কার্যত বন্ধ ছিল।

১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর অল্প সময়ের জন্য প্রণালিটি আবার খুললেও পরবর্তী সময়ে সামরিক উত্তেজনা বাড়ায় পরিস্থিতির অবনতি ঘটে।

ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি করে আসছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলপথটিকে ‘খোলা ও সচল’ বলে বর্ণনা করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।