শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১৯ দিনে দেশে ১৮৭ কোটি ডলারের রেমিট্যান্স

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ৮০ লাখ ডলার বেশি। ২০২৫ সালের একই সময়ে দেশে এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন