২৪ঘণ্টা অনলাইন: শক্তিশালী নর’ইস্টার ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কয়েকটি অঙ্গরাজ্যে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বন্যা দেখা দিয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
উত্তর আটলান্টিক সাগর থেকে সৃষ্ট এই শক্তিশালী উপকূলীয় ঝড়ের প্রভাবে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের প্রভাব পড়েছে।
ঝড়ের কারণে চার অঙ্গরাজ্যে ১ লাখ ১৯ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। বাতিল হয়েছে প্রায় ১ হাজার ১৯৯টি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে আরও প্রায় ২ হাজার ৪০০টি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার পর্যন্ত নর’ইস্টারের প্রভাবে উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টিপাত, তীব্র দমকা হাওয়া এবং বিপজ্জনক রিপ কারেন্ট অব্যাহত থাকতে পারে।
দুর্যোগের মধ্যে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও নিউজার্সির গভর্নর মিকি শেরিল নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট জরুরি কার্যক্রম কেন্দ্র সক্রিয় করেছেন।
নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বাসিন্দাদের ঝড়কে হালকাভাবে না নিয়ে সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বন্যার পানিতে গাড়ি না চালানোর জন্যও সতর্ক করেছেন তিনি।
