এমআইটি ট্রানজিট ল্যাব তাদের পাবলিক ট্রানজিট ইন্টেলিজেন্স হাব (PTIQ) প্রকল্পের জন্য গুগলের কাছ থেকে ২১ লাখ ডলার অনুদান পেয়েছে। PTIQ একটি এআইভিত্তিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য হলো গণপরিবহন পর্যবেক্ষণ, পরিচালনা নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সঙ্গে যোগাযোগব্যবস্থাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা।
PTIQ বিভিন্ন পরিবহন সংস্থার পৃথক সিস্টেম থেকে তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এর মাধ্যমে নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মীরা প্রয়োজনীয় তথ্য এক জায়গা থেকে দেখতে পারবেন এবং পরিচালনাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। একই সঙ্গে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও আপডেট দেওয়ার কাজেও এই সিস্টেম সহায়তা করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরিবহনকর্মীদের কাছেই থাকবে।
এ বিষয়ে এমআইটি ট্রানজিট ল্যাবের সহযোগী পরিচালক এবং PTIQ-এর সহ-প্রধান গবেষক, প্রকল্প পরিচালক ও কারিগরি প্রধান আওয়াদ আবদেলহালিম বলেন, “আমাদের লক্ষ্য এসব সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে নেওয়া নয়। বরং যারা সিদ্ধান্ত নেবেন, তাদের হাতে যেন সম্ভব সর্বোত্তম তথ্য থাকে, সেটি নিশ্চিত করা।”
