২৪ঘণ্টা অনলাইন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ কোটি নয়, ১৩.৮৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি ২৫ লাখ টাকা।
৪ অক্টোবর ঢাকা কাস্টমস হাউস এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটসের একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এসব বারের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি এবং বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকার বেশি।
বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে আনার ঘটনায় কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
অন্যদিকে, শনিবার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। আটক যাত্রী মালয়েশিয়ার নাগরিক মি. ইয়াং ডন সিউ।
ফ্লাইটটি অবতরণের পর ওই যাত্রীর ওপর নজরদারি করা হয়। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করে শরীরের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, কালো কাপড়ের বেল্টে মোড়ানো স্বর্ণবারগুলো শার্টের নিচে শরীরের সঙ্গে লুকিয়ে রেখেছিলেন ওই যাত্রী। স্বর্ণ বহনের বিষয়ে তিনি কোনো ঘোষণা দেননি এবং বৈধতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি।
দুই ঘটনায় উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৩.৮৪ কেজি। ঘটনায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
