২৪ঘণ্টা অনলাইন: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের ইউক্রেন ভ্রমণ না করার এবং দেশটিতে অবস্থানরতদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।
শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলার জবাবে কিয়েভসহ বিভিন্ন শহরে লক্ষ্যভিত্তিক হামলা চালানো হচ্ছে।
বিবৃতিতে বিদেশি নাগরিকদের বিশেষ করে কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান ও ভ্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে। রাশিয়ার এই সতর্কতা উপেক্ষা করে কেউ ইউক্রেনে অবস্থান করলে পরবর্তী ক্ষয়ক্ষতির দায় তাদের নিজেদের বলে উল্লেখ করা হয়।
সাম্প্রতিক সময়ে কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রুশ হামলা বেড়েছে। শনিবার ডিনিপ্রো নদীর ওপর একটি সেতুতে হামলা হয়। এর আগের দিন জেটচালিত ড্রোন হামলার পর সাউদার্ন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। এতে রাজধানীর যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়ে বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চলতি সপ্তাহে বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে ইউক্রেনকে মূল্য দিতে হচ্ছে এবং রুশ বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে।
এদিকে সাম্প্রতিক সময়ে কৃষ্ণসাগরে দুই দেশের শস্যবাহী জাহাজ ও রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনাও বেড়েছে। রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় বেসামরিক হতাহতের দাবিও করেছে মস্কো।
তবে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই অস্বীকার করে আসছে।
