শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে আহত শতাধিক

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৬   ০৩:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শিক্ষা সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ৬ অক্টোবর দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক শ মানুষ আহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের কয়েক ডজন শহরে অনুষ্ঠিত বিক্ষোভে আড়াই লাখের বেশি মানুষ অংশ নেন। তবে আয়োজকদের দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৫০ হাজার।

প্যারিস, স্ত্রাসবুর, রেন ও তুলুজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিন ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে ২১৫ জন কিশোর, ৮৫ জন স্কুলকর্মী এবং ৪৮ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

সেপ্টেম্বরে প্যারিসের দরিদ্র উপশহরগুলো থেকে শুরু হওয়া আন্দোলন পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, অর্থের অভাব এবং জরাজীর্ণ অবকাঠামোতে ভুগছে দেশটির শিক্ষাব্যবস্থা।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে অনুপস্থিত শিক্ষকদের দ্রুত নিয়োগ, স্কুলের দীর্ঘ সময় পুনর্বিবেচনা, মধ্যাহ্নভোজের বিরতি বাড়ানো এবং পুরোনো স্কুল ভবন সংস্কার। শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, মঙ্গলবার দেশের অর্ধেকের বেশি উচ্চবিদ্যালয় অবরুদ্ধ বা বন্ধ ছিল।

বিক্ষোভের পর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জরুরি বৈঠক করেন এবং অক্টোবরের শেষ নাগাদ শিক্ষা সংস্কারের প্রাথমিক প্রস্তাব তৈরির নির্দেশ দেন।

তবে সরকারের উদ্যোগে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। মানবাধিকার ও শিক্ষার্থী সংগঠনগুলো অপ্রাপ্তবয়স্কদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে। সরকার অবশ্য দাবি করেছে, বহিরাগতরা বিক্ষোভকে সহিংস করে তুলছে।

বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন অভিযোগে ১ হাজার ৮০০ জনের বেশি মানুষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১ হাজার ৪৮৩ জনই অপ্রাপ্তবয়স্ক।

অর্থনৈতিক সংকট, সরকারি ঋণ ও বাজেট ঘাটতির চাপের মধ্যে শিক্ষা খাতে অর্থ বরাদ্দ নিয়ে সরকার যখন চাপে, তখন দেশজুড়ে এই আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।