২৪ঘণ্টা অনলাইন: উচ্চদক্ষ বিদেশি কর্মীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটির সরকার। এখন থেকে কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসার আবেদন করা যাবে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, বিদেশি দক্ষ কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সৌদিতে বসবাসরত তাদের পরিবারের জীবনযাত্রার সুযোগ-সুবিধা বাড়ানো।
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে কর্মীর ওয়ার্ক ভিসার আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা দেওয়া হতে পারে। ফলে পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার জন্য কর্মীর ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
তবে এই সুবিধা পেতে আবেদনকারীকে সৌদি সরকারের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
