২৪ঘণ্টা অনলাইন: নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা আবারও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইউক্রেনসহ বিভিন্ন সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি মনে করেন, এবার তার এই পুরস্কার পাওয়া উচিত।
৯ অক্টোবর নরওয়েজিয়ান নোবেল কমিটির নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। এর আগে বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের প্রত্যাশার কথা জানান ট্রাম্প।
পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, সিদ্ধান্ত কী হবে তা তিনি জানেন না। তবে তার মতো ব্যক্তিদের নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার বদনাম রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, ‘এখনই সময় এটি পাওয়ার।’
গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে একাধিকবার নিজের আগ্রহের কথা জানিয়েছেন ট্রাম্প। তার দাবি, ক্ষমতায় ফেরার পর তিনি আটটি সংঘাত বন্ধে ভূমিকা রেখেছেন।
ট্রাম্প আরও জানান, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ইসরায়েল ও কম্বোডিয়ার নেতারাও তার নাম প্রস্তাব করেছেন বলে দাবি করেন তিনি।
তবে ট্রাম্প যেসব সংঘাত নিরসনে ভূমিকার কথা বলছেন, সেগুলোর কয়েকটির পক্ষ তার কূটনৈতিক ভূমিকার সঙ্গে একমত নয়। কিছু অঞ্চলে সংঘাত ফের জোরালো হওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও এখনো সেখানে স্থায়ী সমাধান আসেনি। একইভাবে ইরান-ইসরায়েল সংঘাতও আঞ্চলিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলেছে।
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের আলোচনায় ট্রাম্পের পাশাপাশি পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য নিয়োজিত বিশেষ র্যাপোর্টিয়ারদের নামও রয়েছে।
