২৪ঘণ্টা অনলাইন: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগের মধ্যেই বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৫৩ সেন্টে পৌঁছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৯ সেন্টে দাঁড়ায়।
উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়।
বিশ্লেষকদের মতে, এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে বৈশ্বিক তেল সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এরই প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত রয়েছে।
