শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শ্রমিক অসন্তোষ কাটিয়ে উৎপাদনে ফিরেছে ইন্দো-বাংলা ফার্মা

প্রকাশিত - ০৮ অক্টোবর, ২০২৬   ০৩:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে উৎপাদন ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে কারখানার উৎপাদন কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, শ্রমিক অসন্তোষের ওই ঘটনায় তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েনি। ভবিষ্যতে ব্যবসা পরিচালনা নিয়েও কোনো অনিশ্চয়তা নেই।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে এক কর্মকর্তাকে মৌখিকভাবে হয়রানির অভিযোগ ওঠে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এরপর কয়েকজন শ্রমিক কারখানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎপাদন কার্যক্রম ব্যাহত করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে ২৭ সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বরিশালের কারখানা বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ নিয়ে একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানির কাছে ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে কারখানার বর্তমান পরিস্থিতি ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানায় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন