শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মার্কিন ইলেকট্রনিক পণ্য পরীক্ষায় চীনা ল্যাব নিষিদ্ধের উদ্যোগ

প্রকাশিত - ০৯ অক্টোবর, ২০২৬   ০২:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চীনের ওপর চাপ বাড়াতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্মার্টফোন, ক্যামেরা ও কম্পিউটারের মতো ইলেকট্রনিক পণ্য পরীক্ষার ক্ষেত্রে চীনা পরীক্ষাগারগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। বুধবার (৭ অক্টোবর) এফসিসি জানায়, যেসব দেশ মার্কিন পরীক্ষাগারগুলোকে সমান সুযোগ দেয় না, সেসব দেশের পরীক্ষাগার ও পণ্য অনুমোদনকারী সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব বিবেচনা করা হবে।

এ উদ্যোগের আওতায় চীনের পরীক্ষাগারগুলোও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের আগে ইলেকট্রনিক পণ্যের নিরাপত্তা ও মান যাচাইয়ের ক্ষেত্রে দেশটির নিয়ন্ত্রণ জোরদার করাই এ পদক্ষেপের অন্যতম লক্ষ্য।

এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার ২০২৫ সালে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে চুক্তি না থাকলেও প্রায় ৮২ শতাংশ ইলেকট্রনিক পণ্যের পরীক্ষা চীনে করা হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত পরীক্ষাগারগুলোতে পরীক্ষা হয় ৪ শতাংশেরও কম পণ্যের।

এফসিসির প্রস্তাবিত নিষেধাজ্ঞাগুলো ২০২৮ সালের ডিসেম্বরে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৫ সালে চীন সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন পরীক্ষাগারগুলোতে মার্কিন ইলেকট্রনিক পণ্য পরীক্ষা নিষিদ্ধ করেছিল সংস্থাটি। তবে পরবর্তী সময়ে চীনে অবস্থিত আরও অনেক পরীক্ষাগারে এসব পণ্যের পরীক্ষা অব্যাহত থাকার তথ্য পাওয়া যায়।

এফসিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার অথবা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিমুক্ত দেশগুলোর পরীক্ষাগারে পরীক্ষা করা পণ্যের অনুমোদনপ্রক্রিয়া সহজ করার উদ্যোগও নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে দেশগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

চীনের প্রযুক্তিপণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ অবশ্য নতুন নয়। গত ডিসেম্বরে চীনে তৈরি নতুন মডেলের ড্রোন আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে এফসিসি। একই সঙ্গে চীনে তৈরি নতুন মডেলের কনজিউমার রাউটার আমদানিতেও বিধিনিষেধ আরোপ করা হয়।

জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে হুয়াওয়ে ও জেডটিইর মতো চীনা টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পণ্য নিয়েও একাধিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের সরঞ্জাম বিক্রি এবং মার্কিন টেলিযোগাযোগ নেটওয়ার্কে ব্যবহার সীমিত করতে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা ও নতুন বিধিনিষেধের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, চীনা পরীক্ষাগারগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার ব্যবস্থা, অনুমোদনপ্রক্রিয়া ও সরবরাহব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি ও বাণিজ্য নিয়ে চলমান প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।