২৪ঘণ্টা অনলাইন: ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
১১ অক্টোবর এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, হামলায় আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
প্রকাশিত ছবিতে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশে জরুরি উদ্ধারকর্মীদের উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে। ঘটনাস্থলে পুড়ে যাওয়া বেশ কয়েকটি যানবাহনও দেখা যায়।
এদিকে, পশ্চিম ইউক্রেনেও পৃথক হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ওই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।
তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্যের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
