২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবের রাজধানী রিয়াদের পর এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ১১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (গাকা)।
এর আগে শনিবার ও রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। রোববারের হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন।
একই দিনে দাম্মাম বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে। তবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী দাম্মাম দেশটির গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। শহরটিতে তেল ও গ্যাসশিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির পূর্বাঞ্চলের অন্যতম প্রধান বিমান যোগাযোগকেন্দ্র।
হুথি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া কাসিম সারী রিয়াদ ও দাম্মামে হামলার কথা জানান। তিনি ভবিষ্যতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও হামলার হুমকিও দিয়েছেন।
হুথি মুখপাত্রের দাবি, শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী হুথি নিয়ন্ত্রিত এলাকায় ১২৪টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার জবাবে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে দাম্মাম বিমানবন্দরে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
