২৪ঘণ্টা অনলাইন : কানাডার আলবার্টা প্রদেশের ওয়াইনরাইট শহরে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ১৭ অক্টোবর কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক সংবাদ সম্মেলনে হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন এখনো সক্রিয় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওয়াইনরাইট শহরটি অবস্থিত।
সামরিক ঘাঁটিটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার ও থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার রয়েছে। এটি সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। অন্যদিকে, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘাঁটি থেকে তাদের সহায়তা চাওয়া হয়।
অগ্নিকাণ্ডের পরও ওয়াইনরাইট শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলতে, জরুরি যানবাহনের চলাচলের জন্য সড়ক খোলা রাখতে এবং প্রয়োজন ছাড়া স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে না যেতে অনুরোধ করেছে।
