রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

মন্ত্রিসভায় উঠছে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৬   ০২:০৫ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভায় উঠতে পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক হবে।

মন্ত্রিসভা বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

আব্দুল গনি রোডে অবস্থিত সচিবালয় স্থানান্তরের আলোচনাটি দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে সচিবালয়ে স্থানান্তরের বিষয়টি আবারও আলোচনায় আসে। সচিবালয়ের স্থানে নিম্ন আদালতের কার্যক্রম শুরুর জন্য প্রস্তাব উঠেছে। আর সচিবালয় পুরাতন বাণিজ্য মেলার মাঠে নেওয়ার প্রস্তাব করা হয়।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানিয়েছিলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে, যা অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত দিলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।

তিনি বলেছিলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে অতীতে একটি মাস্টারপ্ল্যান ছিল। সে অনুযায়ী নীতিগত কাজ ও প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপিত হবে এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে পরবর্তী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

জাকারিয়া তাহের জানান, বর্তমান সচিবালয়ে প্রায়ই গাড়ি পার্কিং এবং স্থান সংকটের কারণে জটিলতা তৈরি হচ্ছে। অনেকগুলো মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে ছিটিয়ে রাখতে হচ্ছে। এ ছাড়া বর্তমানে সচিবালয়ের বেশিরভাগ ভবন ১৯৬০-এর দশকে তৈরি হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে।

তিনি আরও জানান, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সুরক্ষা ও সুরক্ষাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে এসব ভবনের মেরামত ও স্থায়ী বিকল্প খোঁজা জরুরি হয়ে পড়েছে। সবদিক বিবেচনা করেই বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে নতুন স্থানে পুরোপুরি স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে মন্ত্রী জানিয়েছিলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পেলে বর্তমান সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ ও স্থানান্তরের সমস্ত প্রাথমিক ও মূল কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন