রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-অগ্নিসংযোগ, গ্রেফতার ১২০০

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৬   ০২:৩২ পিএম
webnews24

ফ্রান্সজুড়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ফরাসি সরকারের হিসাব অনুযায়ী, বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী প্যারিসে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের মূল মিছিল শান্তিপূর্ণ থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। শহরের কেন্দ্রস্থল প্লেস দে লা রিপাবলিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

বিক্ষোভ ও সংঘর্ষে দেশটির বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান ল্যকরনু জানিয়েছেন, সহিংসতায় অন্তত ১৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া, সাঁ-এতিয়েন শহরে পুলিশের গ্রেনেড বিস্ফোরণে এক বিক্ষোভকারীর হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মূলত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকট ও জরাজীর্ণ অবকাঠামোর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে শনিবার এই আন্দোলনে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও ২০১৮ সালের ঐতিহাসিক ‘হলুদ ভেস্ট’ আন্দোলনের কর্মীরা সংহতি জানিয়ে যোগ দেন। এতে শিক্ষার্থীদের আন্দোলন দেশব্যাপী বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন