২৪ঘণ্টা অনলাইন : মঙ্গলের উপগ্রহ ফোবোসের মাটি ও পৃষ্ঠের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনতে মঙ্গলবার মহাকাশ অভিযান শুরু করতে যাচ্ছে জাপান। অভিযান সফল হলে মঙ্গলের কোনো উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি হবে বিশ্বের প্রথম প্রচেষ্টা।
রোববার জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচারের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে ‘মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন’ বা এমএমএক্স মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) এ অভিযান পরিচালনা করছে।
অভিযানটিতে তিনটি মডিউল থাকবে। ফোবোসের পৃষ্ঠ পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহের জন্য মহাকাশযানে বিশেষ সরঞ্জাম, বিভিন্ন পর্যবেক্ষণ যন্ত্র এবং দুটি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা থাকবে। প্রকল্পটির উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৫৩ কোটি ইয়েন, যা প্রায় ৩৫ কোটি মার্কিন ডলারের সমান।
পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় এক বছর পর মহাকাশযানটি মঙ্গলের কাছাকাছি পৌঁছাবে। এরপর প্রায় তিন বছর ধরে মঙ্গল ও এর উপগ্রহগুলো পর্যবেক্ষণ করবে।
সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০৩২ সালের মার্চে শেষ হতে যাওয়া জাপানের অর্থবছরের মধ্যে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরতে পারে মহাকাশযানটির ফেরার মডিউল।
ফোবোস মঙ্গলের দুটি প্রাকৃতিক উপগ্রহের একটি। বিজ্ঞানীরা মনে করেন, এর মাটি ও পৃষ্ঠের উপাদান বিশ্লেষণ করে উপগ্রহটির উৎপত্তি, মঙ্গলের ইতিহাস এবং সৌরজগতের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। পৃথিবীর উন্নত পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের মাধ্যমে ফোবোসের উৎপত্তি নিয়ে প্রচলিত বৈজ্ঞানিক ধারণাও যাচাই করা সম্ভব হবে।
