শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩

ক্ষেপণাস্ত্র নয়, এপস্টেইন নথি দিয়ে সৌদির বিরুদ্ধে হুতিদের প্রচারণা

প্রকাশিত - ২৪ অক্টোবর, ২০২৬   ০১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণায় নতুন কৌশল নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ড্রোন বা ক্ষেপণাস্ত্রের বদলে এবার যুক্তরাষ্ট্রের প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত নথিকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে গোষ্ঠীটি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন-সংশ্লিষ্ট কিছু নথিতে সৌদি রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এপস্টেইনকে কাবার গিলাফের কাপড় দিয়ে তৈরি দেয়ালসজ্জা উপহার দেওয়ার তথ্য উঠে এসেছে। এসব তথ্য সামনে এনে সৌদি আরবের ধর্মীয় ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে হুথিরা।

গোষ্ঠীটির দাবি, এপস্টেইনের সঙ্গে সৌদি-সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ দেশটির ধর্মীয় অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে। এ প্রচারণার মাধ্যমে সৌদি আরবকে বিব্রত করার পাশাপাশি নিজেদের ইসলামের রক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তারা।

বিবৃতি, ভিডিও, গান, বক্তৃতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালীদের পোস্টের মাধ্যমে এ প্রচারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সৌদি আরব। অন্যদিকে, সেই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছে হুথি বিদ্রোহীরা।

মক্কাকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে মক্কাকে ঘিরে হুথিদের প্রচারণাও জোরালো হয়েছে। গত মাসে সৌদি আরব অভিযোগ করে, হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

হুথি নেতা মাহদি আল-মাশাত গোষ্ঠীটির সরকারি সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, ‘যারা এপস্টেইনকে কাবার গিলাফ দিয়েছিল, তারাই মক্কাকে লক্ষ্যবস্তু করছে।’

এপস্টেইন-সংশ্লিষ্ট নথি প্রকাশের পর কাবার গিলাফ দিয়ে তৈরি দেয়ালসজ্জা উপহার দেওয়ার তথ্য এবং হুথিদের অভিযোগ নিয়ে সৌদি কর্মকর্তারা প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুথিদের প্রচারমাধ্যমে আল-মাশাতের বক্তব্য বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হয়। ইয়েমেনের কৌতুক অভিনেতা মুস্তাফা আল-মোমারি এ বিষয়ে ভিডিও তৈরি করেন। পাশাপাশি, দেশটির একজন ঐতিহ্যবাহী সংগীতশিল্পীও অভিযোগটি নিয়ে গান রচনা করেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা

হুথিদের প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরাও ভূমিকা রাখছেন। মুস্তাফা আল-মোমারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনাও করেছেন।

২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে মারা যান জেফরি এপস্টেইন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, তিনি আত্মহত্যা করেছেন। হুথি নেতা আবদুল মালিক আল-হুতিও বিভিন্ন বক্তব্যে এপস্টেইনের প্রসঙ্গ তুলেছেন। গত ফেব্রুয়ারিতে এক বক্তব্যে তিনি এপস্টেইন-সংশ্লিষ্ট নথিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রচারণা কিছু ক্ষেত্রে প্রভাব ফেলছে। এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে নিয়মিত পোস্ট করা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডানপন্থি পডকাস্টার জেক শিল্ডস হুথিদের দৃঢ়তার প্রশংসা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মার্কিন নাগরিকদের উদ্দেশ্য ভ্রমণ সতর্কতা জারি করেছে মধ্যপ্রাচ্যের ১২টি দেশের মার্কিন দূতাবাস। ১৯ অক্টোবর সোমবার এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি দিয়েছে দূতাবাসগুলো।