রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

ফিলিপাইনে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

প্রকাশিত - ২৫ অক্টোবর, ২০২৬   ০৭:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফিলিপাইনে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ অক্টোবর বিকেলে ফিলিপাইনের বাতানগাস প্রদেশের লিপা শহরের একটি বিমান ঘাঁটির আকাশে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বিধ্বস্ত উড়োজাহাজ দুটি ছিল এসএফ-২৬০ সিরিজের প্রশিক্ষণ বিমান। প্রতিটি বিমানে দুজন করে পাইলট ছিলেন। দুর্ঘটনায় চারজনই নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিমান ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিহত চার পাইলট ছাড়া অন্য কেউ হতাহত হননি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে বিমানবাহিনীর বহরে থাকা বাকি এসএফ-২৬০ সিরিজের উড়োজাহাজগুলোর উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কী কারণে আকাশে বিমান দুটির সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

এক প্রত্যক্ষদর্শী এপিকে জানিয়েছেন, বিমানগুলোর একটি ঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যারাকের কাছাকাছি গিয়ে বিধ্বস্ত হয়।

আগেও ঘটেছে প্রাণঘাতী দুর্ঘটনা

ফিলিপাইন বিমানবাহিনীর এসএফ-২৬০ সিরিজের উড়োজাহাজ এর আগেও প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে। গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে নেভিগেশন প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন।

এ ছাড়া ২০২৩ সালে বাতানগাস প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় আরেকটি এসএফ-২৬০ বিমান ধানক্ষেতে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনাতেও দুই পাইলট প্রাণ হারান।

সর্বশেষ দুর্ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আর্থিক সীমাবদ্ধতার কারণে ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কার্যক্রম নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। একই সঙ্গে দেশটিকে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলার পাশাপাশি দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে আঞ্চলিক বিরোধজনিত উত্তেজনাও সামলাতে হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মার্কিন নাগরিকদের উদ্দেশ্য ভ্রমণ সতর্কতা জারি করেছে মধ্যপ্রাচ্যের ১২টি দেশের মার্কিন দূতাবাস। ১৯ অক্টোবর সোমবার এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি দিয়েছে দূতাবাসগুলো।