২৪ঘণ্টা অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকেও সরে দাঁড়িয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ব্যক্তিগত কারণ উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সমন্বয়ক মাওলানা ত্বহা মাহমুদ।
গত ২৩ অক্টোবর এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সানাউল্লাহ খানকে ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে। একই কমিটিতে আলেমদের প্রতিনিধিত্ব আগের চারজন থেকে কমিয়ে দুজনে নামিয়ে আনার প্রতিবাদে ২৪ অক্টোবর (শনিবার) নিজেদের অবস্থান তুলে ধরে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটি আলেমদের যথাযথ প্রতিনিধিত্ব ও মর্যাদা নিশ্চিতের দাবি জানায়।
এমন প্রেক্ষাপটে সানাউল্লাহ খানের পদত্যাগের ঘটনা সামনে এল। তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। নতুন কেন্দ্রীয় কমিটিতে তার দায়িত্ব পাওয়া কিংবা আলেমদের প্রতিনিধিত্ব নিয়ে সংগঠনটির অবস্থানের সঙ্গে পদত্যাগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক ও সাংগঠনিক পরিসরে আলেমদের যথাযথ প্রতিনিধিত্ব, আত্মমর্যাদা ও ন্যায্য অংশীদারত্ব নিশ্চিতের দাবিতে তাদের অবস্থান অব্যাহত থাকবে। সংগঠনটির ভবিষ্যৎ কর্মপন্থা নীতিগত দাবি, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ও আলেমসমাজের স্বার্থের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
