২৪ঘণ্টা অনলাইন : মধ্যযুগের ইংল্যান্ড, অভিশপ্ত মানুষ আর রক্তপিপাসু নেকড়ের ভয়—সব মিলিয়ে নতুন হরর সিনেমা ‘ওয়্যারউলফ’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রবার্ট এগার্স। ট্রেলারে অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফোর রহস্যময় উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। এতে দেখা যায়, ত্রয়োদশ শতকের ইংল্যান্ডের পটভূমিতে এক ভয়ংকর অভিশাপের গল্প। রক্তপিপাসু পশুর রূপ ধারণের অভিশাপে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেলর-জনসন। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন লিলি-রোজ ডেপ। স্বামীকে অভিশাপ থেকে মুক্ত করতে মরিয়া হয়ে ওঠেন তিনি।
অন্যদিকে, ভয়ংকর নেকড়েদের হাত থেকে লোকালয় রক্ষার দায়িত্বে থাকা এক যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন উইলেম ড্যাফো। ট্রেলারে তাঁর দৃঢ় ঘোষণা, প্রতিটি নেকড়েকেই হত্যা করা হবে। শেষ দৃশ্যে টেলর-জনসনের শরীরে অস্বাভাবিক পরিবর্তন ও পশুরূপ ধারণের ইঙ্গিত গল্পের রহস্য আরও বাড়িয়ে তোলে।
‘দ্য উইচ’, ‘দ্য লাইটহাউস’ ও ‘নসফেরাতু’র মতো সিনেমার জন্য পরিচিত রবার্ট এগার্স। ইতিহাসনির্ভর পরিবেশ, লোককথা ও গা ছমছমে আবহ নির্মাণে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। ‘ওয়্যারউলফ’ সিনেমাতেও মধ্যযুগের অন্ধকার ও অতিপ্রাকৃত আতঙ্ককে গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে ‘নসফেরাতু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফো। এবারও এই তিন অভিনয়শিল্পীকে নিয়ে নতুন গল্প পর্দায় তুলে ধরছেন এগার্স।
সিনেমাটি আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
