বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩

অলিম্পিকে আবারও পদত্যাগ

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৬   ০৪:৩২ পিএম
webnews24

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। সপ্তাহ দুয়েক আগে অলিম্পিকের নির্বাহী কমিটি থেকে পদত্যাগের হিড়িক পড়েছিল। মাঝে দুই সপ্তাহ বন্ধ ছিল। গতকাল উপমহাসচিব আমজাদ হোসেন পদত্যাগ করেছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর (অব) বিষয়টি নিশ্চিত করেছেন।

অলিম্পিকে উপমহাসচিব তিন জন। এর মধ্যে দুই জন -এমএ কুদ্দুস ও আমজাদ পদত্যাগ করলেন। মাহবুবর রহমান শাহীন এখনো পদে রয়েছেন। পাঁচ সহ-সভাপতির মধ্যে দুই জন -মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী (অব) ও মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শুক্লা পদত্যাগ করেছেন।

নির্বাহী সদস্যের মধ্যে সালাহউদ্দিন আহমেদ, মাকসুদ আলম, হাবিবুর রহমান,ফারহাদ জেসমিন লিটি, হাবিবুর রহমান জামিল,আব্দুল্লাহ হেল বাকী পদত্যাগ করেছেন। এদের মধ্যে লিটি মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও সহ সভাপতি ইমরোজের অতিরিক্ত কর্তৃত্ববাদের কারণ উল্লেখ করলেও বাকিরা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

অলিম্পিকের নির্বাহী কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি থাকেন। চাকুরি বা পোস্টিং অন্যত্র হলে তারাও অলিম্পিক থেকে সরে যান। সেই ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া পরিষদের কাজী নজরুল ইসলাম, ক্রীড়া মন্ত্রণালয়ের সেলিম ফকির, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের লে.কর্ণেল হুমায়ুন কবির পদত্যাগ পত্র দিয়েছেন বলে জানিয়েছেন অলিম্পিকের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর (অব)।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির মেয়াদ চার বছর। নির্বাহী কমিটি ৩৭ জনের। ২০২৫ সালের ৩০ নভেম্বর নতুন কমিটি গঠন হয়। এক বছর না যেতেই ১৩ জন পদত্যাগ করেছেন। কমিটির এক তৃতীয়াংশ পদত্যাগ করায় এই কমিটির দীর্ঘস্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৮ জুলাই ২৮ ফেডারেশনে কমিটি পরিবর্তন হয়েছে। নতুন কমিটির অনেকেই অলিম্পিকের নির্বাহী কমিটিতে নেই। ফলে প্রতিনিধিত্বের একটা সংকট তৈরি হয়েছে।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শুরু থেকেই সমালোচনা ছিল মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও সহ-সভাপতি মেজর ইমরোজকে নিয়ে। তারা ৫ আগস্ট পরবর্তী সময়ে সার্চ কমিটিতে ছিলেন। বিশেষ করে রানা ছিলেন সার্চ কমিটির আহ্বায়ক। সার্চ কমিটি ফুটবল, ক্রিকেট বাদে সকল ফেডারেশন পুনর্গঠন করেছে। সার্চ কমিটির মনোনীত ব্যক্তিদের সিংহভাগই অলিম্পিকে কাউন্সিলর হন। ফলে এক প্রকার স্বার্থের সংঘাত ছিল। এ নিয়ে অলিম্পিকের নির্বাচন কমিশনকে জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক ক্রীড়া আমিনুল এহসান চিঠিও দিয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন