শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি

প্রকাশিত - ৩১ অক্টোবর, ২০২৬   ০৫:৪৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার মূল রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার অংশ হিসেবে নিউমার্কেট এলাকায় উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​অভিযানের অংশ হিসেবে নীলক্ষেত মোড় সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেট সংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত মূল রাস্তা ও ফুটপাত এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত মূল রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

​পরবর্তীতে দখলমুক্ত ফুটপাত যাতে পুনরায় দখল না হয় এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায়, সেজন্য সেখানে সাময়িকভাবে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছের টব স্থাপন করা হয়েছে।

​অভিযান চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, আমরা বারবার সংশ্লিষ্টদের অনুরোধ করছি, যাতে তারা রাস্তা ও ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা না করেন। এরপরও কেউ যদি রাস্তা দখল করে বসেন, তবে তাদের মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। তাদের সহযোগিতায় নিশ্চিত করতে হবে, যেন কোনোভাবেই সড়কের ওপর অবৈধভাবে কেউ বসতে না পারেন।

​তিনি আরও বলেন, নিউমার্কেট এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজারও মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই জনচলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।

​হকার নীতিমালায় হকারদের সার্ভিস চার্জ প্রসঙ্গে প্রশাসক জানান, হকারদের পক্ষ থেকে সার্ভিস চার্জ কমানোর যে দাবি জানানো হয়েছে, তা ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে এবং এই তালিকার বাইরে কাউকে কোথাও বসার সুযোগ দেওয়া হবে না।

​এলাকার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় নেতা, ব্যবসায়ী সংগঠন ও সর্বস্তরের মানুষকে ডিএসসিসি-কে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।