২৪ঘন্টা অনলাইন: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রকলা ভবনে শুরু হয়েছে অ্যাকুরিয়ামের রঙিন মাছের মেলা। বাহারি রঙের মাছ, আকর্ষণীয় অ্যাকুরিয়াম ও নানা আয়োজন নিয়ে বসেছে এ মেলা। এতে অংশ নিয়েছেন মাছপ্রেমী ও অ্যাকুরিয়াম ব্যবসায়ীরা।
শুক্রবার (৩০ অক্টোবর) শুরু হওয়া এ মেলায় ৫০টির বেশি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে রয়েছে নানা প্রজাতির দেশি-বিদেশি শৌখিন মাছ, অ্যাকুরিয়াম সাজানোর উপকরণ এবং মাছের পরিচর্যার প্রয়োজনীয় সরঞ্জাম।
মেলায় ঘুরে ঘুরে বাহারি মাছ দেখার পাশাপাশি পছন্দের মাছ ও অ্যাকুরিয়াম কেনার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। বিশেষ করে অ্যাকুরিয়ামপ্রেমী ও শৌখিন মাছ সংগ্রাহকদের কাছে মেলাটি বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার শুরু হওয়া এ মেলা চলবে রোববার (১ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিনই মেলায় দর্শনার্থীদের সমাগম বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
