রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

হতাশায় দিন পার বাংলাদেশের, উইন্ডিজের লিড ৩১৫

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৬   ০৫:৪০ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: সিলেট টেস্টে যেন এক হতাশার দিনই পার করল বাংলাদেশ দল। ম্যাচের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিনটি উইকেট নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশের বোলাররা। অন্যদিকে এদিন উইন্ডিজ তুলেছে ৩৩৮ রান। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৪৫ রান। ফলে ৩১৫ রানের লিড পেয়েছে সফরকারীরা।

৩০ রানে পিছিয়ে থেকে গতকাল পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা ৭ রানে দিন শেষ করে। সেখান থেকেই আজ (রোববার) চতুর্থ দিন শুরু হয়। এদিন শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ক্যারিবীয় ওপেনার। দুজন মিলে গড়েন ৮৫ রানের জুটি। প্রথম ইনিংসে বাংলাদেশি পেসাররা গতি-সুইংয়ের ঝড় তুললেও দ্বিতীয় ইনিংসে পাত্তা দেয়নি উইন্ডিজ ব্যাটাররা। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা সফরকারীদের দুবার ধাক্কা দেন স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

মিরপুরে স্পিনসহায়ক উইকেটেও অকার্যকর বোলিংয়ে সমালোচিত ছিলেন তাইজুল-মিরাজরা। তবে তাইজুল ইসলামের হাত ধরেই এদিন প্রথম সাফল্য আসে। তার বলে এলবিডব্লিউ হয়ে জশুয়া ডা সিলভা ৩৬ রানে ফেরেন। ভাঙে সফরকারীদের ওপেনিং জুটি। অবশ্য ততক্ষণে তারা ৫৫ রানের লিড নিয়ে ফেলে। ওপেনিং সঙ্গী বিদায় নিলেও টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি পূর্ণ করেন ব্রেন্ডন কিং।

দ্বিতীয় উইকেট জুটিও দ্রুতগতিতে আগাচ্ছিল। ৩৪ রানের সেই জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে শান্তর হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি। সামনের পায়ে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে বলটি কিংয়ের ব্যাটের বাইরের কানায় লেগে যায় স্লিপে। মধ্যাহ্নভোজের বিরতির আগে ওই উইকেটই কিছুটা স্বস্তির ছিল বাংলাদেশের জন্য!

তৃতীয় উইকেট জুটিটা আরও বড়। কেভিন উইকহ্যামকে নিয়ে বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসন করে গেছেন কাভেম হজ। এসময় দুজন মিলে গড়েন ১৫৫ রানের জুটি। তাতেই বড় হতে থাকে লিড। ফিফটি পূরণের পর ৭৮ রানে থামেন উইকহ্যাম। তাকে বোল্ড আউট করেন তাইজুল ইসলাম।

দিনের শেষ পর্যন্ত আর কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। আমির জাঙ্গোকে নিয়ে ৬১ রানের অপ্রতিরোধ্য জুটি গড়েছেন হজ। এর মাঝেই সেঞ্চুরিও তুলে নেন এই ক্যারিবীয় ব্যাটার। দিন শেষে ১৪০ রানে কাভেম হজ ও ২০ রানে আমির জাঙ্গো অপরাজিত রয়েছেন।

চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন তাইজুল ইসলাম। আর একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভানের জোড়া গোলে এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে টরন্টো এফসিকে ৪-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। মৌসুমজুড়ে ৯ গোল ও ১৪ অ্যাসিস্ট করে কিশোর খেলোয়াড়দের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এই জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া।
সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশকে চাপে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের অপরাজিত ১৪০, কেভিন উইকহ্যামের ৭৮ ও ব্র্যান্ডন কিংয়ের ৬১ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে সফরকারীরা। তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রান। টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ভেঙে জিততে হবে বাংলাদেশকে।
প্রায়শ্চিত্তেরও বোধ হয় নিজস্ব একটা সৌন্দর্য আছে। সেখানে অনুশোচনা থাকে, থাকে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। কখনো কখনো থাকে এমন এক উদ্‌যাপন, যা দেখে মনে হয়, এতক্ষণে বুঝি নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা হয়ে গেল! সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরের দৃশ্যটা যেমন। ব্যাটের আগায় হেলমেট রেখে ড্রেসিংরুমের দিকে ছুটলেন। মুখে কী আনন্দ! যেন একটা ডাবল সেঞ্চুরি নয়, বহুদিনের জমে থাকা কোনো ঋণ শোধ করলেন।