২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে চায় সরকার। ২০২৭ শিক্ষাবর্ষের সব বই ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই বিতরণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই বৈঠকে শিক্ষক নিয়োগ, অবসর সুবিধা পরিশোধ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির যোগ্যতা নির্ধারণসহ শিক্ষা খাতের বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করা হয়েছে।
৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির অন্যান্য সদস্য।
বৈঠকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যক্রম পর্যালোচনা করে ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপানো ও সরবরাহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কমিটি বলেছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দ্রুত অগ্রগতির সুপারিশ করেছে কমিটি। বিশেষ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অগ্রগতি বৈঠকে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান নিয়োগ প্রক্রিয়ার সব মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় জবাবদিহি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে নতুন প্রবিধানমালা তৈরির তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
অন্যদিকে, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আবেদন দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে। হজে যেতে ইচ্ছুক এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার দিয়ে তাঁদের পাওনা অর্থ দ্রুত পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারি অর্থের প্রাপ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে অন্য অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থও পরিশোধের সুপারিশ করা হয়।
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়েও আলোচনা হয়। এসব অভিযোগ খতিয়ে দেখতে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে অনুসন্ধান ও তদন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং এনটিআরসিএর সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করা হয়। কারিগরি শিক্ষার মান উন্নয়নে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কমিটি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কেও বৈঠকে তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন করা হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, জাতীয় বিশ্ববিদ্যালয়, এনটিআরসিএ ও এনসিটিবির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
