২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : সংগীতশিল্পী সনু নিগমের ছেলে নেভান নিগম এবার নিজের পরিচয়ে সংগীতজগতে পথচলা শুরু করছেন। মাত্র ১৯ বছর বয়সেই প্রতিদিন দীর্ঘ সময় কণ্ঠের অনুশীলন, নাচের প্রশিক্ষণ এবং স্টুডিওতে কাজ করে নিজেকে প্রস্তুত করছেন তিনি। ছেলের এই পরিবর্তন ও নিষ্ঠা দেখে আবেগাপ্লুত বাবা সনু নিগম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের বেড়ে ওঠা ও সংগীতচর্চার অভিজ্ঞতা তুলে ধরেছেন সনু নিগম ও তাঁর স্ত্রী মধুরিমা নিগম। সেখানে নেভানের শৈশবের সংকোচ থেকে বর্তমানের আত্মবিশ্বাসী হয়ে ওঠার গল্পও জানিয়েছেন তাঁরা।
সনু জানান, একসময় বাবার সামনেই গান গাইতে লজ্জা পেতেন নেভান। অথচ এখন প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কণ্ঠের অনুশীলন করছেন তিনি। কণ্ঠশিক্ষকের নির্দেশনায় নিয়মিত রেওয়াজের পাশাপাশি নাচের দক্ষতা বাড়াতেও সময় দিচ্ছেন। সংগীত প্রযোজক পু বিয়ারের সঙ্গে স্টুডিওতে এক টেকেই রেকর্ডিং করার অভিজ্ঞতাও হয়েছে তাঁর।
ছেলের শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন সনু। তাঁর ভাষ্য অনুযায়ী, একসময় মাত্র তিন মিনিট জগিং করতেই নেভানের কষ্ট হতো। সময়ের সঙ্গে নিজের জীবনযাপন ও অনুশীলনে পরিবর্তন এনে এখন অনেক বেশি ফিট হয়ে উঠেছেন তিনি। সন্তানের এই অধ্যবসায় দেখে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন সনু।
ছেলের সংগীতজীবনের শুরুটাও স্মরণ করেছেন এই গায়ক। চার বছর বয়সে স্টুডিওতে ‘কোলাভেরি ডি’ গান দিয়ে নেভানের যাত্রা শুরু হয়। এরপর সাড়ে চার বছর বয়সে মঞ্চে ‘আভি মুঝমে কাহিন’ পরিবেশন করেন তিনি। ছোটবেলা থেকেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন বলে উল্লেখ করেন সনু।
তবে এবার বাবার পথ অনুসরণ করেই থেমে থাকতে চান না নেভান। নিজের ভাবনা ও সৃজনশীলতা দিয়ে আলাদা পরিচয় গড়ার লক্ষ্য তাঁর। ‘স্লাইড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে নতুন অধ্যায় শুরু করছেন তিনি। চলচ্চিত্রটির ভাবনা নেভানের নিজের। আলেকজান্ডার কোবিয়ানের সঙ্গে যৌথভাবে এটি পরিচালনাও করেছেন তিনি। এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছে ‘দ্য অডিবলস’।
ছেলের আগামী দিনের পথচলায় মর্যাদা, পরিশ্রম, একাগ্রতা ও বিনয় ধরে রাখার আহ্বান জানিয়েছেন সনু নিগম। একই সঙ্গে নেভানের জন্য ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন তিনি।
