মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিনেফের তিনটি প্রধান প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। অন্যদিকে, রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের ওদেসাসহ বিভিন্ন অঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে। দুই দেশের মধ্যে ড্রোন হামলা-পাল্টা হামলায় জ্বালানি ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ১১:৫৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার কিনেফে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে তিনটি প্রধান তেল প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলেও রাশিয়ার হামলায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিরিশিনেফতেওর্গসিনতেজে (কিনেফ) হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি প্রধান তেল প্রক্রিয়াকরণ ইউনিট। হামলার পর স্থাপনাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

৯ নভেম্বর রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত শোধনাগারটিতে এ হামলা চালানো হয়। রাশিয়ার আঞ্চলিক গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো জানিয়েছেন, ওই অঞ্চলে ইউক্রেনের ছোড়া ১১৩টি ড্রোন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ভসেভোলোজস্ক শহরের একটি বহুতল ভবনের ছাদে আঘাত হানে। এতে এক বাসিন্দা নিহত হন।

কিনেফ রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় তেল শোধনাগার। দেশটির ওমস্ক শোধনাগারের পর এটি দ্বিতীয় বৃহত্তম। সুরগুতনেফতেগাজ গোষ্ঠীর মালিকানাধীন এই স্থাপনায় বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। যা রাশিয়ার মোট তেল পরিশোধন সক্ষমতার প্রায় ৭ শতাংশ।

শোধনাগারটিতে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি, ফার্নেস অয়েল, বিটুমিন ও বিভিন্ন পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদিত হয়। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরেও এখান থেকে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করা হয়। ফলে স্থাপনাটিতে হামলাকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ আঘাত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর ইউক্রেনের ১৪টি অঞ্চল এবং রুশ নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় ৪৩০টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। তবে রুশ কর্তৃপক্ষের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইউরোনিউজ।

অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার ড্রোন হামলাও অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে দেশটিতে ৩১৭টি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। এর মধ্যে ১০৫টি ছিল জেট ইঞ্জিনচালিত। ইউক্রেনের দাবি, এসব ড্রোনের ২৭৬টি ভূপাতিত করা হয়েছে। তবে ৩১টি স্থানে ড্রোন আঘাত হেনেছে এবং আরও নয়টি স্থানে ধ্বংসাবশেষ পড়েছে।

রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হতাহতের ঘটনাও ঘটেছে। ওদেসা শহরের একটি খাদ্যপণ্যের গুদামে হামলায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে নিহত হয়েছেন দুজন, আহত সাতজন।

এ ছাড়া খারকিভে শিশুসহ নয়জন এবং জাপোরিঝঝিয়ায় এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ সাতজন আহত হয়েছেন। সেখানে প্রতিবন্ধী শিশুদের একটি পুনর্বাসনকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। সুমি অঞ্চলে একটি গাড়িতে হামলায় বিদ্যুৎ বিভাগের তিন কর্মী আহত হয়েছেন।

দুই দেশের পাল্টাপাল্টি ড্রোন হামলায় একদিকে রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের নিরাপত্তা নতুন করে ঝুঁকির মুখে পড়ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আবু ধাবিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের বৈঠকের আগে এই আলোচনা হয়। যুদ্ধ বন্ধের পাশাপাশি কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির নিরাপদ পথ চালুর বিষয়ে ভারতের সহযোগিতার আগ্রহের কথাও জানিয়েছেন জেলেনস্কি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতকে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে বলে সতর্ক করেছেন তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। তাঁর মতে, আগামী কয়েক দিন সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ। আলোচনায় অগ্রগতি থাকলেও কে আগে পদক্ষেপ নেবে, তা নিয়ে জটিলতা রয়েছে। চুক্তি না হলে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার আশঙ্কা বাড়তে পারে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।এর এক দিন আগে নগরীর বাণিজ্যিক এলাকায় হামলার ঘটনা ঘটে।সতর্কবার্তায় বলা হয়, ‘সতর্কতা। এলাকাটি আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকির মুখে রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন। ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করুন।’ তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়।
ইউরোপে যাওয়ার পথে সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। এদিকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়েছে। এক সপ্তাহে এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ।
পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় জমা পড়া প্রায় আড়াই লাখ আবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার আবেদনগুলো দ্রুত যাচাইয়ের জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, যোগ্য আবেদনকারীদের সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকত্বের সনদ দেওয়া হবে।