২৪ঘন্টা অনলাইন: ওয়েব সিরিজে এবার রহস্যময় এক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। বিয়ের সাজে হাতে পিস্তল, পেছনে অস্ত্রধারী কয়েকজন পুরুষ। এমনই এক ভিন্নধর্মী লুকে প্রকাশ পেয়েছে তার নতুন সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র ফার্স্টলুক। ইমরাউল রাফাত পরিচালিত ডার্ক কমেডি ঘরানার সিরিজটিতে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির প্রথম ঝলক প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত ছবির একটিতে বিয়ের সাজে পিস্তল হাতে দেখা যায় ফারিণকে। অন্য একটি ছবিতে তার পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে আছেন ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ। ফার্স্টলুক প্রকাশের পর থেকেই সিরিজটির গল্প ও চরিত্রের রহস্য নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
নিজের চরিত্র সম্পর্কে ফারিণ বলেন, ‘নামটির মতো চরিত্রটিও একটু অন্যরকম। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও তেমন অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। এর আগে আমার কমেডি সিরিজে কাজ করা হয়নি। এটি আমার প্রথম অভিজ্ঞতা।’
ডার্ক কমেডি হলো এমন এক ধরনের হাস্যরস বা কমেডি, যা সাধারণত গম্ভীর, সংবেদনশীল, দুঃখজনক বা নিষিদ্ধ বিষয় নিয়ে তৈরি হয় এবং সেগুলোকে বিদ্রূপাত্মক বা মজার ছলে উপস্থাপন করে।
অভিনেত্রী জানান, ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার কাজ অনেক হচ্ছে। সে কারণে এবার ভিন্ন স্বাদের ডার্ক কমেডিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার প্রত্যাশা, সিরিজটি দর্শকদের বিনোদন দেবে। পাশাপাশি অভিনয়জীবনেও যোগ হবে নতুন অভিজ্ঞতা।
গল্পে থাকছে নানা বাঁক: নির্মাতা ইমরাউল রাফাতের কাছে সিরিজটির গল্প বলার ধরন বেশ চ্যালেঞ্জিং। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’
সিরিজটিতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখও। চলচ্চিত্র ও সিরিজে নিয়মিত কাজ করছেন তিনি। ‘ডাকাতিয়া বাঁশি’তে তার চরিত্রে ভিন্নতা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
অন্যদিকে গান ও অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিত মুখ আরফান মৃধা শিবলু। সিরিজের ফার্স্টলুকে তাকে বন্দুক হাতে দেখা গেছে। তবে তার চরিত্রের রহস্য এখনই উন্মোচন করতে চান না তিনি।
নিজের চরিত্র প্রসঙ্গে আরফান মৃধা শিবলু বলেন, ‘এতটা সহজ হবে না। এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম। এছাড়াও গল্পটি নিয়ে আমার আরেকটা ভালো লাগা আছে। সেটা হলো, এখানে একটা ফ্যামিলির গল্প আছে।’
‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।
