বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
নতুন ওষুধ তৈরিতে সম্ভাবনাময় রাসায়নিক অণু খুঁজে বের করা দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এ প্রক্রিয়া সহজ করার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।তাদের তৈরি ব্যবস্থায় নতুন অণু শূন্য থেকে তৈরি করার পরিবর্তে আগে থেকেই বিদ্যমান রাসায়নিক যৌগের ভান্ডার থেকে সম্ভাবনাময় উপাদান শনাক্ত করা যায়। এতে ওষুধ তৈরির গবেষণায় সময় ও শ্রম কমানোর সুযোগ তৈরি হতে পারে।গবেষণাটিতে ‘ফুল-স্পেকট্রাম জেনারেটিভ লিড ডিসকভারি’ (এফএসজিএলডি) নামের একটি কাঠামো উপস্থাপন করা হয়েছে।

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৬   ১২:৩৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন:

২৪ঘণ্টা অনলাইন: নতুন ওষুধ তৈরিতে সম্ভাবনাময় রাসায়নিক অণু খুঁজে বের করা দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এ প্রক্রিয়া সহজ করার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।তাদের তৈরি ব্যবস্থায় নতুন অণু শূন্য থেকে তৈরি করার পরিবর্তে আগে থেকেই বিদ্যমান রাসায়নিক যৌগের ভান্ডার থেকে সম্ভাবনাময় উপাদান শনাক্ত করা যায়। এতে ওষুধ তৈরির গবেষণায় সময় ও শ্রম কমানোর সুযোগ তৈরি হতে পারে।গবেষণাটিতে ‘ফুল-স্পেকট্রাম জেনারেটিভ লিড ডিসকভারি’ (এফএসজিএলডি) নামের একটি কাঠামো উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জেনারেটিভ এআই ব্যবহার করে নির্দিষ্ট রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে- এমন রাসায়নিক যৌগ খোঁজা সম্ভব। গবেষণাটি ২৮ অক্টোবর বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত হয়। ১০ নভেম্বর গবেষণাটির বিস্তারিত প্রকাশ করে বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট ফিজ ডট অর্গ।

গবেষণার নেতৃত্ব দিয়েছেন পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক জুনমেই ওয়াং। তার গবেষক দল ‘ড্রাগ-জিএএন’ নামের একটি জেনারেটিভ অ্যাডভারসারিয়াল নেটওয়ার্ক (জিএএন) ব্যবহার করেছে। এটি এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা, যেখানে দুটি অংশ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে শেখে। একটি অংশ নতুন নমুনা তৈরি করে, অন্য অংশ সেটি বাস্তব তথ্যের সঙ্গে তুলনা করে যাচাই করে।এ ক্ষেত্রে গবেষকেরা রাসায়নিক অণুর পূর্ণ গঠন সরাসরি তৈরি না করে ব্যবহার করেছেন ‘মলিকিউলার ফিঙ্গারপ্রিন্ট’ বা আণবিক ছাপ। এটি কোনো অণুর গুরুত্বপূর্ণ রাসায়নিক বৈশিষ্ট্যকে ডিজিটাল সংকেতের মাধ্যমে প্রকাশ করে। প্রতিটি অণুর গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু কার্যকর তথ্য এতে সংরক্ষিত থাকে। ড্রাগ-জিএএন প্রথমে বাস্তব অণুর আণবিক ছাপের মতো দেখতে কৃত্রিম ছাপ তৈরি করে। অন্য অংশটি যাচাই করে দেখে, তৈরি করা ছাপটি বাস্তব রাসায়নিক যৌগের ছাপের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। এভাবে বারবার শেখার মাধ্যমে ব্যবস্থাটি বাস্তব অণুর বৈশিষ্ট্যের কাছাকাছি ডিজিটাল ছাপ তৈরি করতে সক্ষম হয়।

এরপর গবেষকেরা রাসায়নিক যৌগের বিদ্যমান তথ্যভান্ডারে সেই ছাপের সঙ্গে মিল রয়েছে- এমন অণু খুঁজে বের করেন। অর্থাৎ কম্পিউটারে তৈরি প্রতিটি নতুন অণুকে বাস্তবে সংশ্লেষণ করার প্রয়োজন পড়ে না। বরং আগে থেকেই পরিচিত ও বিদ্যমান যৌগের মধ্য থেকে সম্ভাবনাময় উপাদান বাছাই করে পরীক্ষাগারে যাচাই করা যায়।গবেষণায় দুটি গুরুত্বপূর্ণ ওষুধ-লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে। এর একটি হলো জি-প্রোটিন কাপলড রিসেপ্টর (জিপিসিআর), অন্যটি প্রোটিন কাইনেজ। মানবদেহের বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় এ দুটি ধরনের প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বহু রোগের চিকিৎসায় তৈরি ওষুধ এসব প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে। ফলে নতুন ওষুধের উপাদান খোঁজার ক্ষেত্রে এগুলো গবেষকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

গবেষকেরা জানিয়েছেন, তাঁদের ব্যবস্থার মাধ্যমে এমন কিছু নতুন রাসায়নিক যৌগ শনাক্ত করা গেছে, যেগুলো এআইকে প্রশিক্ষণ দেওয়ার সময় ব্যবহৃত অণুগুলোর থেকে আলাদা। তবে সেগুলো সংশ্লিষ্ট লক্ষ্য প্রোটিনের সঙ্গে যুক্ত হতে পারে বলে গবেষণায় দেখা গেছে। অর্থাৎ আগে পরিচিত অণুর অনুকরণে সীমাবদ্ধ না থেকে ব্যবস্থা নতুন সম্ভাবনাময় যৌগও খুঁজে দিতে পেরেছে। গবেষক জুনমেই ওয়াংয়ের মতে, এ পদ্ধতির বড় সুবিধা হলো এর পুনর্ব্যবহারযোগ্যতা। ভিন্ন ভিন্ন রাসায়নিক লক্ষ্য ও গবেষণার প্রয়োজন অনুযায়ী কাঠামোটিকে কাজে লাগানো সম্ভব। তাঁর গবেষক দল এ ব্যবস্থাকে আরও সম্প্রসারণের জন্য দুটি পদ্ধতি নিয়ে কাজ করছে।

এর একটি ‘এডসেকগ্যান’। এটি অণুর লিখিত বর্ণনা থেকে নতুন রাসায়নিক গঠন তৈরির চেষ্টা করে। এ ক্ষেত্রে লক্ষ্য রিসেপ্টরের ত্রিমাত্রিক গঠন জানা বাধ্যতামূলক নয়। অন্য পদ্ধতি ‘ড্রাগ-এফএফ’ এখনো উন্নয়নাধীন। এটি রিসেপ্টর অথবা তার সঙ্গে যুক্ত অণুর ত্রিমাত্রিক আকৃতি বিবেচনায় নিয়ে এমন যৌগ তৈরির পথ খুঁজছে, যা নির্দিষ্ট স্থানে যুক্ত হতে পারে। ওষুধ আবিষ্কারে এআইয়ের ব্যবহার বাড়লেও একটি বড় সমস্যা হলো, কম্পিউটারে তৈরি অনেক নতুন অণু বাস্তবে সংশ্লেষণ করা কঠিন। ফলে সম্ভাবনাময় মনে হওয়া অনেক নকশা পরীক্ষাগারে কাজে আসে না। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পদ্ধতিতে বিদ্যমান রাসায়নিক যৌগের ভান্ডার অনুসন্ধানের সুযোগ থাকায় এ বাধা কিছুটা কমতে পারে। তবে গবেষণাটিকে এখনই নতুন ওষুধ আবিষ্কারের চূড়ান্ত সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। কম্পিউটারের মাধ্যমে কোনো যৌগের সম্ভাব্য কার্যকারিতা শনাক্ত করার পর পরীক্ষাগারে তার কার্যকারিতা, নিরাপত্তা, পার্শ্বপ্রতিক্রিয়া ও মানবদেহে প্রভাব যাচাই করতে হবে। এসব ধাপ সফল হলেই কেবল কোনো যৌগকে সম্ভাব্য চিকিৎসা উপাদান হিসেবে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তথ্যসূত্র : সুপারপাওয়ার ডেইলি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইঁদুরের মস্তিষ্কে মানুষের তৈরি লাখ লাখ স্নায়ুকোষ প্রতিস্থাপন করেছেন।তাদের দাবি, এ গবেষণা মানুষের মস্তিষ্কের কার্যক্রম এবং সিজোফ্রেনিয়া, সেরিব্রাল পালসি ও ডিমেনশিয়ার মতো জটিল স্নায়বিক রোগ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। তবে প্রাণীর মস্তিষ্কে মানবকোষ যুক্ত করার এ গবেষণা নতুন করে নৈতিক বিতর্কও তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় জনগণের বিরোধিতা ও রাজনৈতিক চাপ বাড়ছে। বিদ্যুৎ-পানি ব্যবহারের চাপ, পরিবেশগত ক্ষতি এবং প্রকল্পের তথ্য গোপন রাখার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়েছে। এতে ইলন মাস্কসহ বড় প্রযুক্তি উদ্যোক্তাদের এআই অবকাঠামো সম্প্রসারণ পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানও নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যবই ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের দ্রুত নিয়োগ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি তদন্তের সিদ্ধান্তও নিয়েছে কমিটি।
টেসলার আলোচিত বৈদ্যুতিক পিকআপ ট্রাক ‘সাইবারট্রাক’-এর উৎপাদন বন্ধের পথে হাঁটতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী বছর, যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত কারখানায় সাইবারট্রাকের উৎপাদন কমিয়ে আনা বা বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তবে গাড়িটির উৎপাদন পুরোপুরি বন্ধ করা হবে, নাকি অন্য কোনো কারখানায় সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।মাস্কের ভাষ্য, স্বচালিত গাড়ি ‘সাইবারক্যাব’-এর উৎপাদন বাড়ানোর জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেঙ্গুইনগুলো এখন দক্ষিণ মেরুর আরও কাছাকাছি চলে যাচ্ছে। ফলে আগে যা সেভাবে কারও নজরে আসেনি, সেই এই ঘটনাটি ভবিষ্যতে আরও বিশাল অঞ্চলজুড়ে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।তুষার শ্যাওলা (স্নো অ্যালগি) হলো এমন এক ধরনের ক্ষুদ্র এককোষী উদ্ভিদ, যা পৃথিবীর অন্যতম শীতল কিছু জায়গায় বসবাস করে। যখন পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়, তখন এই শ্যাওলাগুলো রোদ থেকে নিজেদের রক্ষা করতে এবং বৃদ্ধির গতি ধীর করতে লাল রঙের রঞ্জক পদার্থ তৈরি করে।