২৪ঘন্টা অনলাইন: ৭৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু। ১৪ নভেম্বর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্বামী ও কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত।
জ্যোতিপ্রকাশ দত্ত জানান, দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন পূরবী বসু। এর আগে তিনি স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তার শারীরিক জটিলতা আরও বেড়ে যায়।
মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন এই লেখক ও বিজ্ঞানী।
১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন।
কর্মজীবনে আন্তর্জাতিকভাবে পরিচিত কয়েকটি প্রতিষ্ঠানে বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। পরবর্তী সময়ে দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উচ্চপদে দায়িত্ব পালন করেন। এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন।
বিজ্ঞানচর্চার পাশাপাশি সাহিত্যাঙ্গনেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন পূরবী বসু। তার লেখায় নারীর অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন ও সংগ্রাম বিশেষ গুরুত্ব পেয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তার ৪০টিরও বেশি বই।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন পূরবী বসু। তার মৃত্যুতে সাহিত্য ও বিজ্ঞান অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
