২৪ঘন্টা ডেস্ক: নদী বাঁচাতে বিপুল অর্থের বিনিয়োগ, একের পর এক পরিচ্ছন্নতা প্রকল্প এবং আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ—কোনো উদ্যোগই যেন পুরোপুরি দূষণমুক্ত করতে পারেনি ভারতের গঙ্গাকে। গত এক দশকে নদীটি পরিষ্কারের পেছনে ৪৩ হাজার ৬০ কোটি রুপি ব্যয় করেছে দেশটির সরকার। কিন্তু এত বড় বিনিয়োগের পরও গঙ্গার বিভিন্ন অংশে দূষণ রয়ে যাওয়ায় প্রকল্পের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২০১৪ সালে গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ ও নদীর পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে ‘নমামি গঙ্গে’ কর্মসূচি চালু করে ভারত সরকার। এর আওতায় পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য শোধনাগার নির্মাণ এবং শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্য ছিল গঙ্গার পানির মান উন্নত করে নদীটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। দীর্ঘ ১০ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের পাশাপাশি কানপুর ও বারানসির ১২টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এতে নদীর পানির ঘোলাভাব, শৈবালের উপস্থিতি এবং পানির উপরিভাগের তাপমাত্রার পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়। অনুসন্ধানের ফলাফলে দেখা গেছে, বিপুল অর্থ ব্যয়ের পরও গঙ্গার বেশ কয়েকটি অংশে দূষণের সমস্যা রয়ে গেছে।
অন্যদিকে, সরকারের পক্ষ থেকে প্রকল্পের কিছু ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। তাদের দাবি, গঙ্গার নির্দিষ্ট কিছু এলাকায় পানির মান উন্নত হয়েছে। বেড়েছে পয়োবর্জ্য শোধনের সক্ষমতা, পাশাপাশি শিল্পকারখানা থেকে নির্গত দূষণও কমেছে। তবে উত্তর প্রদেশের কয়েকটি এলাকায় দূষণ এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে স্বীকার করেছে সরকার। কিছু অঞ্চলে বর্জ্য শোধনের পর্যাপ্ত সক্ষমতা না থাকার বিষয়টিও সামনে এসেছে।
তবে অনুসন্ধানের ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছে ভারত সরকার। তাদের বক্তব্য, মাত্র ১২টি স্থানের পানির নমুনা এবং স্যাটেলাইটের তথ্য দিয়ে প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ একটি নদীর সামগ্রিক স্বাস্থ্য নির্ধারণ করা সম্ভব নয়। পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গার প্রতিটি অঞ্চলে পানির প্রবাহ, বৃষ্টিপাত, আবহাওয়া এবং দূষণের উৎসও এক রকম নয়।
বিশেষজ্ঞদের দৃষ্টিতে নদীর দূষণ পরিমাপে স্যাটেলাইট তথ্য গুরুত্বপূর্ণ হলেও এটি একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি নয়। স্যাটেলাইটের মাধ্যমে পানির ঘোলাভাব, শৈবালের বিস্তার এবং তাপমাত্রার পরিবর্তন বোঝা গেলেও পানিতে দ্রবীভূত অক্সিজেন, ক্ষতিকর রাসায়নিক ও জীবাণুর উপস্থিতি জানতে সরাসরি নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ প্রয়োজন।
সব মিলিয়ে গঙ্গা পরিষ্কারে বিপুল অর্থ ব্যয় এবং সরকারের নানা উদ্যোগের পরও নদীটির দূষণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে প্রকল্পে কত অর্থ ব্যয় হলো, তার পাশাপাশি সেই অর্থের বিনিময়ে নদীর পরিবেশ কতটা বদলেছে—এখন সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে।
