২৪ঘন্টা অনলাইন: ম ম রবি ডাকুয়া, বাগেরহাট: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার আওতায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। ২০২৮ সালের মধ্যে এ সেবা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত এ প্রযুক্তি চালু হলে উপকূল থেকে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থানরত নৌযানের অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে। বিশেষ করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা ঝড় কিংবা অন্য কোনো দুর্ঘটনায় পড়লে তাদের অবস্থান দ্রুত চিহ্নিত করে উদ্ধার তৎপরতা পরিচালনায় সহায়তা মিলবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, অবৈধ মাছ ধরা নিয়ন্ত্রণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
বিএসসিএল সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় চারটি এলইও স্যাটেলাইটের পাশাপাশি দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন ও প্রয়োজনীয় অবকাঠামোর বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি। নতুন এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে সামুদ্রিক নৌযানের অবস্থান শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণে বিশেষায়িত স্যাটেলাইট অবকাঠামো গড়ে তোলা।
বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে বঙ্গোপসাগরে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রম সম্পর্কে দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে— এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে।
এ তথ্য কাজে লাগিয়ে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করা যাবে। এর ভিত্তিতে মৎস্যসম্পদের সুরক্ষা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং টেকসই আহরণ পরিকল্পনা প্রণয়ন সহজ হবে।
তবে এআইএস প্রযুক্তি সরাসরি সমুদ্রের কোথায় মাছ রয়েছে, তা শনাক্ত করতে পারে না। এর মূল কাজ নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রে মাছের সম্ভাব্য অবস্থান জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এসব ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।
শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।
