২৪ঘন্টা অনলাইন: বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে দেশের ৬৪ জেলায় ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন আইনি সহায়তা পেয়েছেন। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন। লিগ্যাল এইড-এর মাধ্যমে সব মিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তা প্রাপ্ত উপকারভোগী ১৭ লাখ ১৪ হাজার ৬৩২ জন। জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন। সব মিলিয়ে লিগ্যাল এইড-এর মাধ্যমে সরকারি খরচে সুবিধাভোগী ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেওয়া হয়।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহায়তায় কার্যক্রম পরিচালিত হয়।
