২৪ঘন্টা ডেস্ক: ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক অভিযানের পর পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তেহরান। বুধবার (১৮ নভেম্বর) সকালে কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসের মধ্যে এই প্রথম কুয়েতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে ড্রোন পাঠানো হয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কুয়েত কর্তৃপক্ষ।
একই সময়ে বাহরাইনেও হামলার সতর্কতা জারি করা হয়। বুধবার ভোরের আগে দেশটিতে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপর আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার শব্দ শোনা যায়। গত এক সপ্তাহের মধ্যে এটি বাহরাইনে ইরানের তৃতীয় হামলার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এর আগে বিদ্যুৎকেন্দ্র, পানি পরিশোধনাগার এবং তেল স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা সংঘাতের মধ্যে কুয়েতকে লক্ষ্য করে ১ হাজার ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। একই সময়ে বাহরাইনে হামলার সংখ্যা ছিল প্রায় ৭০০।
সর্বশেষ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কুয়েত ও বাহরাইন। কুয়েতের পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে হরমুজ প্রণালির কেশম দ্বীপে আইআরজিসির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এ অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে। এর পরপরই কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার ঘটনা সামনে আসে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিপুলসংখ্যক মার্কিন সেনা অবস্থান করছে।
