ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। সেই বোমাবর্ষণে এবার স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক মুখপাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে উত্তর গাজার জাবালিয়ার তাঁবুতে এই হামলা চালানো হয়। খবর দ্য আরব নিউজের।
প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে নিজ তাঁবুতে ইসরায়েল বাহিনীর হামলায় আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন।
অন্যদিকে কুদস নিউজ নেটওয়ার্কও হামাসের এই মুখপাত্রের হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। মাটিতে আবৃত অবস্থায় আল-কানৌয়ার মরদেহের একটি ছবিও ইতোমধ্যে প্রকাশ করেছে তারা।
হামাস-পরিচালিত আল-আকসা টেলিভিশন জানিয়েছে, জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবুকে লক্ষ্য করে হামলা চালানোর সময় নিহত হন তিনি। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
