পাকিস্তানের সঙ্গে ‘শর্তসাপেক্ষ’ যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে জানিয়েছে ভারত। এছাড়া সিন্ধু নদ চুক্তি স্থগিত করে পাকিস্তানে পানির যে প্রবাহ বন্ধ করা হয়েছিল সেটিও বিদ্যমান থাকবে বলে জানিয়েছে দেশটি।
শনিবার (১০ মে) একটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
টানা চারদিন ড্রোন ও মিসাইল হামলার পর শনিবার যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। উত্তেজনার মধ্যে সিন্ধু নদ চুক্তি স্থগিতের পাশাপাশি ভিসা প্রদান, সীমান্ত বন্ধসহ ভারত আরও যেসব ব্যবস্থা নিয়েছিল সেগুলোও পরিবর্তন হয়নি বলে জানিয়েছে সূত্রটি।
যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর ভারতের পররাষ্টমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের প্রধান ভারতের মিলিটারি অপারেশন্স প্রধানের কাছে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এরপর এতে রাজি হয় ভারত। যা স্থানীয় সময় বিকেল ৫টা থেকে কার্যকর হয়। জয়শঙ্কর তার পোস্টে জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের আপোসহীন নীতি চলমান থাকবে।
