গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন জরুরি।
শুক্রবার (২৩ মে) রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোলচত্বরে গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিপতিত। একদলীয় শাসনের কারণে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি, বন্দোবস্ত, প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার' শীর্ষক এই সমাবেশে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সাবেক ভিপি নুর বলেন, আমরা যে রাজনীতির কথা বলছি, সেটি ক্ষমতা কেন্দ্রিক নয় বরং জনগণ কেন্দ্রিক। গণঅধিকার পরিষদ বিশ্বাস করে- মানুষের মৌলিক অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন অপরিহার্য।
