শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিক্ষোভের মাঝে ইন্দোনেশিয়ার রাজধানীতে সেনা মোতায়েন

প্রকাশিত - ০১ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট সদস্যদের বিলাসবহুল সুযোগ-সুবিধার প্রতিবাদে বিক্ষোভে ছয় জন নিহত হওয়ার পর সোমবার (১ সেপ্টেম্বর) দেশিটির রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে। আজও হাজারো মানুষকে দেশজুড়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

বিকেলের দিকে বিক্ষোভকারীরা ন্যাশনাল পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন। এ সময় সেনাদের টহল দিতে দেখা যায়।এছাড়া সুমাত্রা দ্বীপের পালেমবাং, বোর্নিও দ্বীপের বানজারমাসিন এবং জাভার ইয়োগ্যাকার্তাতেও হাজারো মানুষ প্রতিবাদে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফতা কাইসিয়া কামেলিয়া এএফপিকে বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো পার্লামেন্টের সংস্কার। আমরা চাই পার্লামেন্ট আমাদের সঙ্গে সরাসরি কথা বলুক। কারণ পার্লামেন্ট সদস্যরা আমাদের প্রতিনিধি।তিনি প্রশ্ন  ছুঁড়ে দিয়ে বলেন, 'তারা কি দেশে সামরিক আইন জারির অপেক্ষা করছে?'

গত সপ্তাহে এমপিদের আবাসন ভাতা নিয়ে বিক্ষোভ শুরু হয়। ব্যাপক সমালোচনার মুখে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও সংসদ নেতারা এ সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন।শুরুতে এ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, তবে পরবর্তীতে তা সহিংস রূপ ধারণ করে। বিশেষ করে বৃহস্পতিবার রাতে ২১ বছর বয়সী এক তরুণকে পুলিশের গাড়িচাপা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস হয়ে ওঠে।

জাকার্তা থেকে এ বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। প্রাবোও ক্ষমতায় আসার পর এটিই দেশটিতে সবচেয়ে তীব্র অস্থিরতা।সোমবার পুলিশ রাজধানীজুড়ে চেকপোস্ট বসায়, সেনা-পুলিশ যৌথ টহল ও কৌশলগত স্থানে স্নাইপার মোতায়েন করা হয়। শহরের যে রাস্তাগুলো সাধারণত যানজটে স্থবির থাকে, সেগুলো অনেকটাই ফাঁকা ছিল।

এএফপির এক সাংবাদিক জাকার্তা থেকে জানান, শহরের জাতীয় স্মৃতিস্তম্ভ ও প্রেসিডেন্ট প্রাসাদের সামনে শত শত সেনা মোতায়েন করা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট প্রাবোওর বক্তব্য এবং সংসদের এমপি ভাতা প্রত্যাহারের ঘোষণা বিক্ষোভ প্রশমনে যথেষ্ট নয়।

৬০ বছর বয়সী নাস্তার দোকানি সুয়ার্দি বলেন, ইন্দোনেশিয়ার সরকার সম্পূর্ণ বিশৃঙ্খল। মন্ত্রিসভা ও পার্লামেন্ট জনগণের দাবির কথা শোনেই না।

তিনি আরও বলেন, আমরা সব সময় প্রতারিত হয়েছি। তাই মানুষ সবসময় ক্ষুব্ধ থাকে। কারণ আমাদের দাবি কখনোই পূরণ করা হয়নি।এ সংকটে প্রেসিডেন্ট প্রাবোও চীন সফর বাতিল করেছেন। গত কয়েক দিনে বেশ কয়েকজন এমপির বাড়িতে লুটপাট হয়েছে। এ সময় অর্থমন্ত্রীর বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

গত শুক্রবার মাকাসারে একটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের লাগানো আগুনে অন্তত তিনজন নিহত হয়। একই শহরে ভুলক্রমে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এছাড়া ইয়োগ্যাকার্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ছাত্র নিহত হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।