শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে শীর্ষ শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ১২:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বসুন্ধরায় জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন তারা। এতে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ এর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটি চেয়ারম্যান মাসুদ কবির। 

এছাড়াও উপস্থিত ছিলেন, জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামান। সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ; বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকরা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। জবাবে জামায়াত আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। তার শারীরিক খোঁজ নিতে তার সঙ্গে সাক্ষাত করতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন