শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৩১

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ১২:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিলিপাইনের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫৯ মিনিটে (১৩৫৯ জিএমটি) একটি শক্তিশালী ভূমিকম্প  আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পে দেশটির সেবু দ্বীপের অনেক ভবন ধসে পড়েছে। ভূমিকম্প অন্তত ৩১ জন নিহত এবং ১৪৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এই শহরে প্রায় ৯০ হাজার মানুষ বসবাস করে।  সেবুর প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, বোগো শহরের প্রাদেশিক হাসপাতালে ২৫ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। গভর্নর বারিকুয়াত্রো তার অফিসিয়াল ফেসবুকে জানান, ‘গুরুতর আহত রোগীদের সংখ্যা বেশি হওয়ায় কিছু রোগীকে হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ প্রদেশের অন্যত্র আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় দ্বীপপুঞ্জে ১৪৭ জন আহত হয়েছে এবং ২২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসিন্দাদের দ্বারা ধারণকৃত এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক ফুটেজে দেখা গেছে, সেবুর কাছে বান্টায়ান দ্বীপে অবস্থিত একটি পুরোনো ক্যাথলিক গির্জার ঘন্টা টাওয়ার ভূমিকম্পের সময় কেঁপে উঠছে এবং পরে ভেঙে পড়ছে। ২৫ বছর বয়সী ওই এলাকার বাসিন্দা মারথম পাসিলান এএফপিকে বলেন, ‘আমি গির্জার দিক থেকে একটি বিকট শব্দ শুনতে পেলাম, এরপর দেখি পাথর পড়ছে। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’ তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গির্জার কাছেই ছিলেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।