২৪ঘণ্টা অনলাইন : ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফ্যাকাল্টিদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী কুরআন কনফারেন্স ও সীরাহ এক্সিবিশন ২০২৫। ধর্মীয় মূল্যবোধের চর্চা, সঠিক ধর্মীয় অনুভূতির বিকাশ এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটাতেই এই আয়োজন করা হয়েছে।
আয়োজক শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা ধর্মপ্রাণ মুসলমানদেরকে ব্যথিত করেছে। এ ব্যাপারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াতুল্লাহ বেহেস্তি বলেন— ‘নৈতিক অবক্ষয়, ধর্মীয় ব্যাখ্যার ভুল ধারণা এবং মূল্যবোধের দুর্বলতা দীর্ঘ সময় ধরে জমা হয়েই আজকের সংকট তৈরি করেছে। তাই ইসলামের মৌলিক শিক্ষা ও সীরাহ সম্পর্কে নতুন প্রজন্মকে জ্ঞাত করা জরুরি হয়ে পড়েছে। সেই উদ্দেশ্যেই দেশবরেণ্য স্কলারদের নিয়ে এই কনফারেন্স ও এক্সিবিশনের আয়োজন করা হয়েছে।’
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের আত্মীয়-স্বজনসহ সকলের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে। এই আয়োজনের মাধ্যমে ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়াই আমাদের আয়োজনের লক্ষ্য।’
আজ ৯ ডিসেম্বর শেষ দিন গ্র্যান্ড কনফারেন্সে আলোচনায় অংশ নেবেন দেশবরেণ্য ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, প্রফেসর মখতার আহমাদ, ড. মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ প্রমুখ। এর আগে ‘মুসলিমস চ্যালেঞ্জস ইন দ্য মর্ডান এরা’ শীর্ষক বিশেষ আলোচনা অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। উল্লেখ্য, অনুষ্ঠান আয়োজনে নবীজী (সা.)–এর জীবনী, দাওয়াহ, আদর্শ ও বিশ্বসভ্যতায় তাঁর প্রভাব তুলে ধরা তথ্যসমৃদ্ধ প্রদর্শনী চলমান রয়েছে। রয়েছে বুক স্টল ও লাইভ ক্যালিগ্রাফি।
পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি ফ্যাকাল্টির প্রফেসর নুরুল কবির, স্কুল অব বিজনেসের ডীন ড. ওয়ারেস করিম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী। এই আয়োজন প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর কলতান মুখরিত এই সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় চেতনা, নৈতিকতা, ঐতিহ্যচর্চা ও প্রজ্ঞার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকেরা আশা করছেন। সকল শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও তাদের পরিবারবর্গকে এই আধ্যাত্মিক ও বৌদ্ধিক উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
