শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত - ৩০ ডিসেম্বর, ২০২৫   ১১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : তখনো অনেকেই লেপ মুড়ি দিয়ে ঘুমে আচ্ছন্ন। সূর্যের দেখা নেই, চারপাশ কুয়াশার চাদরে ঢাকা। রাজধানী ঢাকাও যেন তার ব্যতিক্রম নয়। সঙ্গে হালকা গুঁড়ি বৃষ্টি—শীতল, স্নিগ্ধ এক সকাল। এমন আবহেই উৎসবমুখর পরিবেশে প্রকাশিত হলো সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

কাক ডাকা ভোর থেকেই প্লে-গ্রুপ থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শীতের কাঁপুনি উপেক্ষা করে হাজির হয় অনুষ্ঠানস্থলে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ। উৎসবের আমেজে ভরে ওঠে রাজধানীর দয়াগঞ্জে অবস্থিত সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 ৩০ ডিসেম্বর, সোমবার শহীদ স্মৃতি ফারুক রোডসংলগ্ন বেস্ট ওয়ান চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনাস বাংলাদেশ লিমিটেডের পরিচালকবৃন্দ মো. আবুল খায়ের, নবুয়ত আলী, মিরাজ মিয়া এবং ড. রাজিয়া সুলতানা।

২০১০ সাল থেকে সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সুনাম ও মর্যাদার সঙ্গে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি ভেনাস বাংলাদেশ লিমিটেডের একটি অধিপ্রতিষ্ঠান। বর্তমানে এর তিনটি ক্যাম্পাস রয়েছে— হিরাঝিল ক্যাম্পাস, কেরানীগঞ্জ ক্যাম্পাস এবং দয়াগঞ্জ প্রধান ক্যাম্পাস।

অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল—  বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মেধাবীদের পুরস্কার বিতরণ। বছর ব্যপি  নানা আয়োজন ২১শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজ্ঞান মেলা, বিজয় দিবসের বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরো আয়োজনের সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ইনচার্জ সিনিয়র শিক্ষক নিলুফার ইয়াসমিন এবং মো. তরিকুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানের শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন বলেন, “আজ আমরা বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করছি। যারা ভালো করেছ; তাদের প্রতি শুভ কামনা থাকল।”

প্রধান অতিথির বক্তব্যে ভেনাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা এখানে শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করতেও প্রতিশ্রুতিবদ্ধ।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন