শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নীরব পাল্টা জবাব মোদির, টেরই পাননি ট্রাম্প

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৬   ০৮:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি আবারও অনিশ্চয়তার মুখে। বিতর্কের কেন্দ্রে এবার ডাল ও ডালজাতীয় শস্য। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ডালের ওপর ভারত নীরবে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা অনেক বিশ্লেষকের মতে ট্রাম্প প্রশাসনের আগের ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্কের পাল্টা প্রতিক্রিয়া।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই সিনেটর—নর্থ ডাকোটার কেভিন ক্রেমার ও মনটানার স্টিভ ডেইনস—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে ভারতের এই শুল্ককে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জানান। তাঁদের অভিযোগ, এতে যুক্তরাষ্ট্রের ডাল উৎপাদকেরা ভারতের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

ভারত গত বছরের ৩০ অক্টোবর হলুদ মটরের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা কার্যকর হয় ১ নভেম্বর থেকে। বিষয়টি ভারতের গণমাধ্যমে খুব বেশি আলোচিত না হওয়ায় দীর্ঘদিন নজরের বাইরে ছিল।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের শুল্কনীতির নীরব জবাব। এক্সে বিশ্লেষক নবরূপ সিং লেখেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর ভারত অক্টোবরে চুপিসারে শুল্ক বাড়িয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা ও মনটানা ডাল উৎপাদনে শীর্ষে থাকলেও ভারত বিশ্বে ডালের সবচেয়ে বড় ভোক্তা—বিশ্বব্যাপী মোট ডালের প্রায় ২৭ শতাংশই খাওয়া হয় ভারতে। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, কৃষকস্বার্থ ভারতের ‘রেড লাইন’; কৃষকদের ক্ষতিগ্রস্ত করে কোনো বাণিজ্য চুক্তিতে দিল্লি যাবে না।

বিশ্লেষকদের ধারণা, এই শুল্ক ইস্যু দুই দেশের চলমান বাণিজ্য আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন