২৪ঘণ্টা অনলাইন : চীনের ৯ দিনব্যাপী বসন্ত উৎসবের ছুটিতে দেশটির সিনেমা বাজারে রেকর্ড সাড়া পড়েছে। এ সময়ে বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৫৭৫ কোটি ইউয়ান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ছুটিকালে মোট ১২ কোটি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা উপভোগ করেছেন, যা উৎসবকালীন সময়ে দর্শক উপস্থিতির দিক থেকেও উল্লেখযোগ্য রেকর্ড। এ সময়ের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ছিল রেসিং-কমেডি ঘরানার ‘পেগাসাস ৩’। জনপ্রিয় নির্মাতা হান হান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন তারকা অভিনেতা শেন থং।
উল্লেখ্য, ‘পেগাসাস’ সিরিজের আগের দুটি কিস্তি ২০১৯ ও ২০২৪ সালের বসন্ত উৎসবে মুক্তি পেয়ে সম্মিলিতভাবে প্রায় ৫০০ কোটি ইউয়ান আয় করেছিল। ফলে চলতি বছরে তৃতীয় কিস্তির সাফল্য চীনের চলচ্চিত্র বাজারে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
