শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রক্তচাপের মাত্রা স্বাভাবিক রাখতে রোজ করুন

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ১২:০২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অলস জীবনযাপনের জেরে কমছে আয়ু। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, ফিজ়িক্যাল অ্যাক্টিভিটির অভাব-ই রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। চিকিৎসকেরা বার বার বলছেন, ভারী ব্যায়াম করার দরকার নেই, সামান্য হেঁটেও সুস্থ থাকা যায়। ব্রিস্ক ওয়াক বা দ্রুত হাঁটার অভ্যাস আপনাকে একাধিক রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে পারে। যার মধ্যে অন্যতম হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের জেরে শরীরে কী কী সমস্যা মাথাচাড়া দিতে থাকে, তা মোটামুটি সকলেরই জানা। রক্তচাপ নিশ্চুপে বাড়ে। আর বাড়লে হৃদরোগ হানা দেয়। তাই প্রেশারের বাড়বাড়ন্তের সঙ্গে কোনও ছেলেখেলা চলে না। হাই প্রেশার থাকলে রোজ ওষুধ খেতেই হয়। তার সঙ্গে হাঁটাহাঁটি করাও জরুরি।

হাঁটলে কী ভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে?
গবেষণায় দেখা গিয়েছে, সপ্তাহে তিন থেকে পাঁচ দিন অন্তত ২০ মিনিট মাঝারি গতিতে হাঁটলে সিস্টোলিক রক্তচাপ (উপরের সংখ্যা) কমতে পারে। একই সঙ্গে ডায়াস্টোলিক রক্তচাপ (নীচের সংখ্যা) এবং হার্ট রেটও কিছুটা কমে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA)-এর মতে, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট বা প্রতিদিন ৩০ মিনিট দ্রুত হাঁটার অভ্যাস হৃদরোগ, স্ট্রোক, টাইপ ২ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।

রক্তনালির স্বাস্থ্য উন্নত করে
হাঁটলে রক্তচাপ স্বাভাবিক থাকার পাশাপাশি রক্তনালির স্বাস্থ্য উন্নত হয়। নমনীয়তা বাড়ে। এর জেরে রক্ত সহজেই প্রবাহিত হতে পারে। পাশাপাশি রক্তনালিতে কোলেস্টেরল বা প্লাক জমাট বাঁধতে পারে না। এ ছাড়া হাঁটলে শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ে, যা রক্তনালিকে শিথিল রাখতে এবং রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
ওজন বাড়লে রক্তচাপও বাড়ে। ওজন কমানোর জন্য রোজ জিমে যাওয়ারও প্রয়োজন নেই। দ্রুত গতিতে হাঁটলেই মেদ ঝরে। গবেষণায় দেখা গিয়েছে, শরীরের মোট ওজনের মাত্র ৫–১০% কমালেও রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়। তার সঙ্গে হৃদরোগ, ডায়াবিটিসের মতো ক্রনিক অসুখের ঝুঁকিও এড়ানো যায়।

মানসিক চাপ কমে
রক্তচাপ বৃদ্ধির পিছনে শুধু খাওয়াদাওয়া বা শরীরচর্চার অভাবকে দায়ী করলে চলবে না। অত্যধিক মানসিক চাপের জেরেও প্রেশার বাড়ে। আর হাঁটলে স্ট্রেস কমে। দ্রুত গতিতে হাঁটার সময়ে শরীরে এন্ডোরফিন (হ্যাপি হরমোন) নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। একই সঙ্গে কর্টিসলের মাত্রা কমায়। বিশেষ করে সবুজের মাঝে, প্রকৃতির কোলে হাঁটলে মন বেশি ভালো থাকে।

সপ্তাহে ক’দিন বা কতক্ষণ হাঁটা উচিত?
রক্তচাপ কমাতে নিয়মিত হাঁটা দরকার। রোজ হাঁটলে সবচেয়ে ভালো উপকার মেলে। রোজ যদি ৩০ মিনিটও ব্রিস্ক ওয়াক করতে পারেন, সেটাই যথেষ্ট। হাঁটার সময়ে হৃদস্পন্দন বাড়বে, ঘাম হবে, হাঁপাবেন—এটাই স্বাভাবিক। এ ছাড়া সারাদিনে ৭-১০ হাজার স্টেপ হাঁটা উচিত। এতেই সামগ্রিক স্বাস্থ্য উন্নত হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন