২৪ঘন্টা অনলাইন: জিমে বা বাড়িতে শারীরিক কসরতের পর গরম পানিতে গোসল। বিশেষ করে শীতের সময়ে। এমন আরাম কম জিনিসেই মেলে। উষ্ণ পানির স্পর্শে শরীরের ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে যায়। কিন্তু এই অভ্যাস কি শুধুই আরাম দেয়, নাকি পেশির মেরামতিতেও সাহায্য করে?
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে, তবে তার কিছু নিয়ম ও সতর্কতা রয়েছে। ব্যায়ামের পর গরম পানিতে গোসল করার আগে জেনে নিন কয়েকটি বিষয়।
শারীরচর্চার পর পেশির বিশ্রামের প্রয়োজন পড়ে—
১. রক্তসঞ্চালন বৃদ্ধি: উষ্ণ গরম পানিতে গোসল করলে রক্তনালিগুলি প্রসারিত হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘ভ্যাসোডাইলেশন’। এর ফলে শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল বাড়তে পারে। পেশিতে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছোনোর ক্ষেত্রেও রক্ত সঞ্চালনের ভূমিকা রয়েছে। তাই ব্যায়ামের পর উষ্ণ গরম পানিতে গোসল পেশির মেরামতির প্রক্রিয়াকে কিছুটা সাহায্য করতে পারে।
২. পেশির শিথিলতা: কঠিন শারীরচর্চার পর পেশিতে টান ধরা স্বাভাবিক। বিশেষ করে, দীর্ঘদিন ব্যায়াম না করার পর নতুন করে শারীরচর্চা শুরু করলে বেশি হয়। উষ্ণ জলের সংস্পর্শে পেশি শিথিল হতে পারে। ফলে পেশির টান ও আড়ষ্ট ভাব কিছুটা কমে এবং শরীর আরাম পায়।
৩. মানসিক আরাম: ব্যায়াম করার পরগরম পানিতে গোসল করলে স্নায়ুর উত্তেজনাও প্রশমিত হয়। ফলে মানসিক চাপ এবং উদ্বেগ খানিক কমে যায়। উদ্বেগের ফলে অনেক সময়ে পেশি আড়ষ্ট হয়ে থাকে। গরম পানিতে গোসল করলে সেই সমস্যাও দূর হয়। সামগ্রিকভাবে মন ভাল হয়।
৪. ঘুমের মান উন্নতি: পেশির পুনরুদ্ধারের জন্য ভাল ঘুম হওয়া দরকার। সন্ধ্যায় বা রাতে গরম পানিতে গোসল করলে শরীর ও মন শিথিল হয়। ফলে ঘুম আসতে সুবিধা হতে পারে। পর্যাপ্ত ও ভাল ঘুমের সময়ে শরীরে বিভিন্ন মেরামতির কাজ চলে। তার মধ্যে পেশি অন্যতম। তাই ব্যায়ামের পর বিশ্রাম এবং ঘুমের গুরুত্ব কোনওভাবেই অস্বীকার করা যায় না। সে ক্ষেত্রে গরম পানিতে গোসল কাজে আসতে পারে।
গরম পানিতে গোসল করলে কী কী মাথায় রাখা দরকার?
১. ব্যায়ামের সময়ে পেশি ছিঁড়ে যাওয়া, গোড়ালি মচকে যাওয়া বা অস্থিসন্ধিতে আঘাত লাগার মতো নতুন কোনও চোট হলে সঙ্গে সঙ্গে গরম পানিতে গোসল করা উচিত নয়। বিশেষ করে চোটের জায়গায় ফোলা বা প্রদাহ থাকলে প্রথম ৪৮-৭২ ঘণ্টা তাপ প্রয়োগ করলে সমস্যা বাড়তে পারে। কারণ, তাপের প্রভাবে রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে ফোলা ও প্রদাহ আরও বাড়তে পারে।
২. শারীরচর্চার সময়ে ঘামের সঙ্গে শরীর থেকে পানি বেরিয়ে যায়। তার পর গরম পানিতে গোসল করলে শরীর থেকে আরও পানি বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে দেহে পারির ঘাটতি দেখা দিতে পারে। তাই ব্যায়ামের পর এবং গোসলের আগে-পরে পর্যাপ্ত পানি পান করা জরুরি।
৩. শারীরচর্চা শেষ করেই গরম পানিতে গোসল করতে ঢুকবেন না। প্রথমে শরীরের তাপমাত্রা ও হৃৎস্পন্দন স্বাভাবিক হতে দিন। তার পর গোসল করুন। নড়াচড়া করার সময়ে বা বাথটব থেকে ওঠার সময়ে ধীরে উঠবেন। কারণ, গরম পানিতে রক্তনালি প্রসারিত হওয়ায় রক্তচাপ সাময়িকভাবে কমে যেতে পারে। ফলে মাথা ঘোরা বা দুর্বল লাগার আশঙ্কা থাকে।
