২৪ঘণ্টা অনলাইন: প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান ড. এ কে আজাদ খান। ১৫ এপ্রিল রাজধানীর বারডেম হাসপাতাল-এর সিম্পোজিয়াম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় পরিষদের সদস্য ও কুষ্টিয়া মজিবুর রহমান ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যান মতিউর রহমান লালটু।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আজাদ খান বলেন,‘সব পেশাতেই নৈতিকতা জরুরি, আর চিকিৎসা পেশা পুরোপুরি বিশ্বাসের ওপর নির্ভরশীল—এটি কোনো ব্যবসা নয়।’
তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যা ২০৪৫ সালের মধ্যে প্রায় ২ কোটি ছাড়িয়ে যেতে পারে। উদ্বেগজনক বিষয় হলো; অনেকেই জানেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত, ফলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে।
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। নিরাপদ ভবিষ্যতের জন্য এখনই সবাইকে সচেতন হতে হবে।’

সভাপতির বক্তব্যে মতিউর রহমান লালটু বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে আমাদের মাঝে অধ্যাপক আজাদ খানের মতো একজন মানুষ আছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন আমরা আরও বহুদিন তাঁর সেবা পেতে পারি।’
অনুষ্ঠানে দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘স্যারের পাশে দাঁড়িয়ে কথা বলা সহজ নয়। আমি নিজেও বারডেমের নিয়মিত রোগী, তাই এই প্রতিষ্ঠানের কাজ ও সেবার ব্যাপ্তি সম্পর্কে জানি। আজ আরও বুঝলাম, এর পেছনে স্যার ও তাঁর পরিবারের কত ত্যাগ ও পরিশ্রম রয়েছে।’
উল্লেখ্য, ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি এবং চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন অধ্যাপক আজাদ খান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে গত দুই দশকে দেশে ডায়াবেটিস সেবার বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রায় ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, অধ্যাপক আজাদ খানের এক ঘণ্টার পরামর্শমূলক বক্তব্য তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
