২৪ঘণ্টা অনলাইন ডেস্ক: বর্তমানে অনেকের রান্নাঘরেই ওভেন একটি অপরিহার্য যন্ত্র। কেক-বিস্কুট বেক করা, সবজি রোস্ট কিংবা মুরগি গ্রিল—সবকিছুতেই এর ব্যবহার বাড়ছে। তবে ওভেন ব্যবহার করতে গিয়ে অনেকেই কিছু সাধারণ ভুল করে বসেন, যার কারণে খাবার ঠিকমতো রান্না হয় না। কখনও কেক অসমানভাবে বেক হয়, কখনও মাংস শুকিয়ে যায়, আবার বাইরে থেকে রান্না মনে হলেও ভেতরে কাঁচা থেকে যায় খাবার। বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যার বড় কারণ রেসিপি নয়, বরং ওভেন ব্যবহারের ভুল পদ্ধতি। কিছু সাধারণ বিষয় মাথায় রাখলেই রান্নার মান অনেকটাই উন্নত করা সম্ভব।
১. প্রিহিট না করেই রান্না শুরু করা: অনেকেই সময় বাঁচাতে ওভেন পুরোপুরি গরম হওয়ার আগেই খাবার ভেতরে দিয়ে দেন। কিন্তু এতে রান্নার ফল খারাপ হতে পারে। কেক, পাউরুটি বা পেস্ট্রির মতো খাবার ঠিকমতো ফুলে ওঠে না, আবার অসমানভাবেও সেঁকা হতে পারে। শুধু বেকিং নয়, রোস্ট করার ক্ষেত্রেও ঠান্ডা ওভেন খাবারকে শুষ্ক করে দিতে পারে। তাই খাবার দেওয়ার আগে ওভেন নির্ধারিত তাপমাত্রায় পৌঁছেছে কি না, তা নিশ্চিত করা জরুরি।
২. ভুল র্যাকে খাবার রাখা: ওভেনের সব র্যাকে সমানভাবে তাপ পৌঁছায় না। তাই সব খাবার মাঝের র্যাকে রাখলেই ভালো ফল পাওয়া যায় না। উপরের র্যাকে রাখলে খাবার দ্রুত বাদামি বা পুড়ে যেতে পারে, আবার নিচের র্যাকে থাকলে রান্না ধীরগতির হতে পারে। সাধারণত কেক বা কুকিজ মাঝের র্যাকে ভালো হয়, আর সবজি রোস্ট করতে উপরের দিকে রাখলে বেশি ভালো ফল মেলে।
৩. ওভেনে অতিরিক্ত খাবার ভরে ফেলা: একসঙ্গে বেশি খাবার রান্না করার চেষ্টা অনেক সময় উল্টো সমস্যার কারণ হয়। ওভেনে গরম বাতাস ঠিকমতো চলাচল করতে না পারলে খাবার সমানভাবে রান্না হয় না।ট্রে খুব কাছাকাছি থাকলে কোথাও বেশি, কোথাও কম তাপ পৌঁছায়। ফলে কিছু অংশ কাঁচা থেকে যেতে পারে। তাই প্রয়োজনে ধাপে ধাপে রান্না করাই ভালো।
৪. বারবার ওভেনের দরজা খোলা: খাবার দেখতে ঘন ঘন ওভেনের দরজা খোলা একটি সাধারণ ভুল। প্রতিবার দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরের তাপ বেরিয়ে যায়, ফলে তাপমাত্রা ওঠানামা করে। এতে কেক বা রুটির মতো খাবার ঠিকমতো ফুলে উঠতে পারে না। তাই দরজা বারবার না খুলে কাঁচের জানালা ও ওভেনের আলো ব্যবহার করাই উত্তম।
৫. ওভেন-সেফ নয় এমন পাত্র ব্যবহার: সব রান্নার পাত্র ওভেনে ব্যবহার উপযোগী নয়। তবু অনেকেই সাধারণ পাত্র বা প্লাস্টিকের হাতলযুক্ত প্যান ওভেনে দিয়ে দেন। এতে পাত্র বেঁকে যেতে পারে, ফেটে যেতে পারে বা ক্ষতিকর ধোঁয়া তৈরি হতে পারে। তাই রান্নার আগে নিশ্চিত হয়ে নিন পাত্রটি ওভেন-সেফ কি না এবং তা নির্দিষ্ট তাপমাত্রা সহ্য করতে পারবে কি না। সঠিক পাত্র ব্যবহার করলে খাবারও সমানভাবে রান্না হয়।
